
জাপানের এক চিড়িয়াখানায় জন্ম নেওয়া ছোট্ট এক বাঁদরছানা পাঞ্চ
জাপানের এক চিড়িয়াখানায় জন্ম নেওয়া ছোট্ট এক বাঁদরছানা পাঞ্চ, যার সরলতা আর ভালোবাসার গল্প এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল। জন্মের ঠিক পরেই কোনো এক কারণে মায়ের কোল থেকে বিচ্ছিন্ন হতে হয়েছিল এই অবলা প্রাণীটিকে। মাতৃহীন পাঞ্চ যখন একাকিত্বে ভুগছিল, তখন তার নিঃসঙ্গতা কাটাতে চিড়িয়াখানা কর্তৃপক্ষ তার জন্য একটি ওরাং-ওটাংয়ের আদলের সফট টয় বা নরম পুতুল কিনে দেয়। আর সেই পুতুলটিকেই এখন নিজের পৃথিবী বানিয়ে নিয়েছে পাঞ্চ।
ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, পাঞ্চ তার প্রিয় সেই পুতুলটির সঙ্গে খেলা করছে, কখনো তার কোলে মাথা দিয়ে নিশ্চিন্তে ঘুমাচ্ছে, আবার কখনো পরম মমতায় সেটিকে জড়িয়ে ধরছে। মায়ের আদরবঞ্চিত এই অবুঝ প্রাণের এমন আবেগঘন মুহূর্ত দেখে নেটিজেনরা রীতিমতো আপ্লুত। বিশেষ করে একজন পাকিস্তানি নাগরিকের শেয়ার করা ভিডিওটি ভাইরাল হওয়ার পর থেকে পাঞ্চকে একনজর দেখার জন্য চিড়িয়াখানায় এখন পর্যটকদের উপচে পড়া ভিড়।

পাঞ্চ তার প্রিয় সেই পুতুলটির সঙ্গে খেলা করছে
পাঞ্চের এই জনপ্রিয়তার ঢেউ লেগেছে বিশ্ববিখ্যাত ফার্নিচার ও লাইফস্টাইল ব্র্যান্ড আইকিয়ার (IKEA) ওপরও। পাঞ্চ যে পুতুলটি নিয়ে খেলছে, সেটি আইকিয়ার ‘জঙ্গলস্কগ’ (JUNGELSKOG) ব্র্যান্ডের ওরাং-ওটাং। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর এই খেলনাটির চাহিদা আকাশচুম্বী হয়ে দাঁড়িয়েছে।
আইকিয়ার স্টোর পরিচালনাকারী ইংকা গ্রুপের বাণিজ্যিক ব্যবস্থাপক জাভিয়ের কুইনোনেস জানিয়েছেন, চাহিদার তুলনায় জোগান কম থাকায় রিসেল ওয়েবসাইটগুলোতে এই পুতুলের দাম এখন অকল্পনীয় পর্যায়ে পৌঁছেছে। যে পুতুলটির স্বাভাবিক দাম ছিল সাধ্যের মধ্যে, সেটি এখন মূল দামের চেয়ে প্রায় ১৬ গুণ বেশি অর্থাৎ ৩২৮ ডলারেও বিক্রি হচ্ছে।
একটি ছোট প্রাণীর একাকিত্ব ঘোচানোর গল্প যে বিশ্ব অর্থনীতি আর মানুষের আবেগকে এভাবে নাড়িয়ে দিতে পারে, পুঞ্চ আর তার প্রিয় পুতুলটিই যেন তার জলজ্যান্ত প্রমাণ।