
তামান্না ভাটিয়া
মাত্র ১৫ বছর বয়সে রূপালি পর্দায় পা রাখা তামান্না ভাটিয়া আজ দুই দশকেরও বেশি সময় ধরে অভিনয় জগতে নিজের রাজত্ব ধরে রেখেছেন। তবে কেবল অভিনয়ই নয়, দীর্ঘ ২১ বছরের এই পথচলায় তিনি নিজেকে প্রতিষ্ঠিত করেছেন একজন সফল নারী উদ্যোক্তা হিসেবেও। সম্প্রতি এক সাক্ষাৎকারে তামান্না বিনোদন জগতের চাকচিক্যের পেছনের কঠিন অনিশ্চয়তা এবং সময় থাকতে অর্থ জমানোর প্রয়োজনীয়তা নিয়ে খোলামেলা কথা বলেছেন।
তাঁর মতে, অভিনয়শিল্পীরা অনেক সময় কাজের চাপে প্রচুর আয় করলেও সঠিক বিনিয়োগের অভাবে ক্যারিয়ারের শেষবেলায় এসে বড় ধরনের আর্থিক সংকটে পড়েন। তাই আয়ের উৎস বাড়ানো এবং অর্থ ব্যবস্থাপনায় কৌশলগত দক্ষতা অর্জন করাকে অত্যন্ত জরুরি বলে মনে করেন তিনি।
নিজের সফলতার পেছনে বাবার দেওয়া সুপরামর্শের কথা কৃতজ্ঞতার সাথে স্মরণ করেন এই দক্ষিণি ও বলিউড তারকা। ক্যারিয়ারের শুরু থেকেই তামান্নার আয়ের হিসাব-নিকাশ দেখাশোনা করতেন তাঁর বাবা। আজও বাবার নির্দেশনায় তিনি রিয়েল এস্টেট, গয়না এবং বিভিন্ন লাভজনক খাতে নিয়মিত বিনিয়োগ করে চলেছেন। বর্তমানে তামান্নার একটি শক্তিশালী বিনিয়োগ পোর্টফোলিও রয়েছে, যা তাঁকে পেশাগত অনিশ্চয়তার মাঝেও একটি নিশ্ছিদ্র আর্থিক নিরাপত্তা প্রদান করে। অভিনয়ের পাশাপাশি ব্যবসার এই দূরদর্শী চিন্তাই তাঁকে সমসাময়িক অন্যদের থেকে আলাদা করেছে।
সাক্ষাৎকারে তামান্না অতীতের কিংবদন্তি তারকাদের জীবন থেকেও শিক্ষা নেওয়ার কথা বলেন। তিনি উদাহরণ হিসেবে উল্লেখ করেন মেগাস্টার অমিতাভ বচ্চনের কথা, যিনি নব্বইয়ের দশকে ব্যবসায়িক লোকসানে দেউলিয়া হয়েও কঠোর পরিশ্রমে ঘুরে দাঁড়িয়েছিলেন। এছাড়া এক সময়ের সুপারস্টার জ্যাকি শ্রফ কিংবা ভারত ভূষণের চরম আর্থিক সংকটের উদাহরণ টেনে তিনি বলেন, বড় বড় তারকাদের পতন থেকে নতুন প্রজন্মের শিক্ষা নেওয়া উচিত।
বর্তমানের উপার্জনকে ভবিষ্যতের জন্য ঢাল হিসেবে গড়ে তোলা না গেলে বিনোদন জগতের এই জৌলুস যেকোনো সময় ম্লান হয়ে যেতে পারে,এমনটাই বার্তা দিয়েছেন এই অভিনেত্রী।