
মোস্তাকুর রহমান
বাংলাদেশ ব্যাংকের শীর্ষ পদে পরিবর্তন আসছে। কেন্দ্রীয় ব্যাংকের নতুন গভর্নর হিসেবে নিয়োগ পেতে যাচ্ছেন মোস্তাকুর রহমান। বুধবার (২৫ ফেব্রুয়ারি) অর্থ মন্ত্রণালয় সূত্রে এই তথ্য নিশ্চিত হওয়া গেছে। তিনি বর্তমান গভর্নর ড. আহসান এইচ মনসুরের স্থলাভিষিক্ত হবেন।
সূত্র জানিয়েছে, অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ নতুন গভর্নর নিয়োগ সংক্রান্ত একটি প্রস্তাব বর্তমান অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর কাছে উপস্থাপন করেছে। অর্থমন্ত্রী ইতিমধ্যে এই প্রস্তাবে সই করেছেন। এখন বিষয়টি অনুমোদনের জন্য প্রধানমন্ত্রীর কাছে পাঠানো হবে। প্রধানমন্ত্রীর সম্মতির পর রাষ্ট্রপতির কার্যালয় থেকে চূড়ান্ত প্রজ্ঞাপন জারি করা হবে।
নতুন গভর্নর হিসেবে মনোনীত মোস্তাকুর রহমান পেশাগত জীবনে একজন দক্ষ ব্যাংকার ও গবেষক। তিনি যুক্তরাষ্ট্রের একটি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করছেন। এর আগে তিনি বাংলাদেশ ব্যাংকেই কর্মরত ছিলেন। ১৯৯৯ সালে সহকারী পরিচালক হিসেবে কেন্দ্রীয় ব্যাংকে ক্যারিয়ার শুরু করা মোস্তাকুর রহমান বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) অতিরিক্ত পরিচালক এবং ডিপার্টমেন্ট অব অফসাইট সুপারভিশনের পরিচালক হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগ থেকে উচ্চশিক্ষা সম্পন্ন করেছেন।
২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর তৎকালীন গভর্নর আব্দুর রউফ তালুকদার পদত্যাগ করেন। এরপর অন্তর্বর্তীকালীন সরকার অর্থনীতিবিদ ড. আহসান এইচ মনসুরকে নতুন গভর্নর হিসেবে নিয়োগ দিয়েছিল। প্রায় দেড় বছর দায়িত্ব পালনের পর এবার তাঁর জায়গায় মোস্তাকুর রহমানকে নিয়ে আসছে বর্তমান সরকার।
আর্থিক খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের মতো বড় চ্যালেঞ্জগুলো সামনে রেখেই নতুন এই নিয়োগের প্রক্রিয়া সম্পন্ন হচ্ছে।