
সংগৃহীত ছবি
হাতিয়া উপজেলায় নির্বাচন-পরবর্তী সহিংসতায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করতে গেলে নোয়াখালী-৬ আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদের গাড়িবহরে হামলার ঘটনা ঘটেছে। স্থানীয় সংবাদিকদের বরাত অনুযায়ী, সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে উপজেলার চানন্দি ইউনিয়নের প্রকল্প বাজার এলাকায় এই হামলা সংঘটিত হয়। নির্বাচনে পরাজিত বিএনপির প্রার্থী মাহবুবুর রহমান শামীমের কর্মীরা এই হামলা চালিয়েছে বলে দাবি করেছেন হান্নান মাসউদ।
হান্নান মাসউদ বলেন, ‘বিএনপির লোকজন ডাকাতদের এনে হাতিয়ায় তাণ্ডব চালাচ্ছে। বিএনপি ক্ষমতায় আসছে, সরকার তাদের—কে কী করতে পারবে? আমাকে এলাকায় ঢুকতে দেবে না।’
তিনি আরও জানান, তার গাড়িবহরে তিন দফা হামলা চালানো হয় এবং স্থানীয় যুবশক্তির জেলা ও ইউনিয়ন আহ্বায়কসহ ২০-২৫ জন আহত হয়েছেন।
অন্যদিকে চানন্দি ইউনিয়ন বিএনপির সভাপতি মাহবুবুর রহমান বলেন, হান্নান মাসউদ উসকানিমূলক বক্তব্য দেন। এরপর তার দলের নেতাকর্মীরা প্রথমে বিএনপির কার্যালয় ভাঙচুর করে এবং পরে বাজারের বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠান ও মোটরসাইকেলে হামলা চালায়। স্থানীয়রা প্রতিরোধের চেষ্টা করলে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। এতে অন্তত ২০ জন আহত হন বলে তিনি দাবি করেন।
হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। তবে এখন পর্যন্ত কোনো মামলা দায়ের হয়নি।