
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতকে কীভাবে হারানো হয়েছে, তা দেশবাসী জানে—এমন মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও নবনির্বাচিত সংসদ সদস্য মাওলানা রফিকুল ইসলাম খান। তিনি বলেন, ভোট পড়েছে দাঁড়িপাল্লায়, কিন্তু পাস করানো হয়েছে অন্য প্রার্থীকে। গত নির্বাচনের ফলাফল নিয়েও প্রশ্ন তোলেন তিনি।
বুধবার ঢাকায় এক আলোচনা সভায় তিনি দাবি করেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীকে নেতৃত্বশূন্য করার পরিকল্পনার অংশ হিসেবেই ২০০৯ সালের পিলখানা হত্যাকাণ্ড সংঘটিত হয়। ওই ঘটনায় তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তৎকালীন সেনাপ্রধান মঈন উ আহমেদের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।
সিরাজগঞ্জ থেকে নির্বাচিত এই সংসদ সদস্য আরও বলেন, তৎকালীন বাংলাদেশ রাইফেলস সদর দপ্তরে সংঘটিত হত্যাকাণ্ডের পূর্ণাঙ্গ তদন্ত প্রতিবেদন আজও প্রকাশ হয়নি। তিনি সংশ্লিষ্টদের গ্রেপ্তার করে বিচার নিশ্চিত করার দাবি জানান।