
ছবি: সংগৃহীত
টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটে টানা দ্বিতীয় হারে আসর থেকে বিদায় নিশ্চিত হয়ে গেল শ্রীলঙ্কারর। বুধবার (২৫ ফেব্রুয়ারি) কলম্বোয় অনুষ্ঠিত ম্যাচে নিউজিল্যান্ডের কাছে ৬১ রানের বিশাল ব্যবধানে হেরেছে লঙ্কানরা। এই জয়ে সেমিফাইনালের দৌড়ে টিকে রইল কিউইরা।
কলম্বোয় টস হেরে ব্যাটিং করতে নেমে শুরুটা ঝোড়ো ছিল নিউজিল্যান্ডের। ওপেনার ফিন অ্যালেন ১৩ বলে ২৩ রান করে ফিরলে কিছুটা চাপে পড়ে তারা। রাচিন রবীন্দ্র (৩২) ও গ্লেন ফিলিপস (১৮) চেষ্টা করলেও লঙ্কান বোলার মাহিশ থিকসানা ও দুনিথ ওয়াল্লালাগের তোপে ৮৪ রানেই ৬ উইকেট হারিয়ে বিপর্যয়ে পড়ে নিউজিল্যান্ড।
তবে সপ্তম উইকেটে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন অধিনায়ক মিচেল স্যান্টনার ও কোলে ম্যাককোনচি। এই দুইজনের ৮৪ রানের অনবদ্য জুটিতে ৭ উইকেটে ১৬৮ রানের চ্যালেঞ্জিং স্কোর পায় নিউজিল্যান্ড। স্যান্টনার শেষ বলে আউট হওয়ার আগে ২৬ বলে করেন ৪৭ রান, আর ম্যাককোনচি অপরাজিত থাকেন ৩১ রানে। শ্রীলঙ্কার পক্ষে থিকসানা ও চামিরা ৩টি করে উইকেট নেন।
১৬৯ রানের জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই কিউই বোলারদের তোপের মুখে পড়ে স্বাগতিক শ্রীলঙ্কা। মাত্র ২৯ রানে ৪ উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে যায় তারা। কামিন্দু মেন্ডিসের ৩১ এবং শেষ দিকে দুনিথ ওয়াল্লালাগের ২৯ রান হারের ব্যবধান কমানো ছাড়া আর কোনো কাজে আসেনি। রাচিন রবীন্দ্রর ঘূর্ণিতে বিভ্রান্ত হয়ে ২০ ওভার শেষে ৮ উইকেটে মাত্র ১০৭ রান তুলতে সক্ষম হয় লঙ্কানরা। রবীন্দ্র একাই নেন ৪ উইকেট।
এই জয়ের ফলে ২ ম্যাচে ৩ পয়েন্ট (বৃষ্টিতে পরিত্যক্ত ম্যাচের ১ পয়েন্টসহ) নিয়ে সেমিফাইনালের আশা বাঁচিয়ে রাখল নিউজিল্যান্ড। এই গ্রুপ থেকে ইংল্যান্ড ইতোমধ্যে ৪ পয়েন্ট নিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে। অন্যদিকে, ১ পয়েন্ট নিয়ে পাকিস্তানের আশা ক্ষীণ হলেও টানা দুই হারে বিশ্বকাপ থেকে ছিটকে গেল শ্রীলঙ্কা।