
আফসানা মিমি,আজিজুল হাকিম এবং সাদিয়া আয়মান
একটি ছাদ, চারজন মানুষ আর এক নরম লোমশ প্রাণীর নীরব উপস্থিতি-এই নিয়েই দানা বেঁধেছে পারিবারিক গল্পের অরিজিনাল ফিল্ম ‘মিউ’। আগামী ৪ মার্চ রাত ১২টায় (৫ মার্চ) ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে মুক্তি পেতে যাচ্ছে আতিক জামান পরিচালিত এই সিনেমাটি। যেখানে মধ্যবিত্ত পরিবারের টানাপোড়েন, দায়বদ্ধতা আর পোষা প্রাণীর প্রতি মানবিক মমতার এক গভীর সমীকরণ ফুটিয়ে তোলা হয়েছে।
পরিচালক আতিক জামানের মতে, এটি মূলত একটি পরিবারের ভাঙাগড়া ও অনুভূতির গল্প। ছবির কেন্দ্রবিন্দুতে রয়েছেন মা, যে চরিত্রে অভিনয় করেছেন বরেণ্য অভিনেত্রী আফসানা মিমি। নিজের চরিত্রটিকে ‘রাজনৈতিক’ ও ‘পরিচালক’ হিসেবে বর্ণনা করে তিনি বলেন, “একটি পরিবার অনেকটা রাষ্ট্রের মতো, যেখানে মা সবাইকে আগলে রাখতে কখনো কঠোর হন, কখনোবা মমতাময়ী।” আজিজুল হাকিম ও আফসানা মিমি এখানে সাদিয়া আয়মান ও রাকিব হোসেন ইভনের বাবা-মায়ের ভূমিকায় অভিনয় করেছেন।
ফিল্মটির বিশেষ আকর্ষণ হলো অভিনেত্রী সাদিয়া আয়মানের বাস্তব জীবনের পোষা বিড়াল ‘আলু’। পর্দায় ‘মিউ’ চরিত্রে অভিনয় করেছে এই বিড়ালটিই। সাদিয়া আয়মান জানান, তার ছোটবেলার হারিয়ে যাওয়া প্রিয় বিড়ালের নামও ছিল ‘মিউ’, যা কাকতালীয়ভাবে এই গল্পের সঙ্গে মিলে গেছে। আলুর অভিনয় নিয়ে উচ্ছ্বসিত সাদিয়া বলেন, “ও একদম প্রফেশনাল আর্টিস্টের মতো এক টেকে শট দিয়েছে, যা আমার জন্য ছিল দারুণ এক আবেগঘন অভিজ্ঞতা।”
অন্যদিকে, বড় ছেলের চরিত্রে অভিনয় করা রাকিব হোসেন ইভন একে বর্ণনা করেছেন ‘মশলামুক্ত’ জীবনের গল্প হিসেবে। পরিবারের বটগাছ হয়ে ওঠার চেষ্টা আর প্রত্যাশার চাপে পিষ্ট এক যুবকের অসহায়ত্ব এই ফিল্মে অত্যন্ত মানবিক দৃষ্টিভঙ্গিতে উঠে এসেছে।
গল্পকার মো. আলম ভূঁইয়ার মূল ভাবনায় চিত্রনাট্য ও সংলাপ তৈরি করেছেন পরিচালক ও গল্পকার যৌথভাবে। নির্মাতা আতিক জামান আশা প্রকাশ করেন যে, পোষা প্রাণীর প্রতি মানুষের দায়িত্ববোধের জায়গাটি এই ফিল্ম দর্শকদের নতুন করে ভাবাবে এবং প্রতিটি পরিবার নিজেদের জীবনের প্রতিচ্ছবি এতে খুঁজে পাবে।