
ফাইল ছবি
বিয়ের প্রলোভনে তরুণীকে আটকে রেখে হেনস্তা ও আপত্তিকর ছবি তৈরির চেষ্টার মামলায় জামিন পাওয়ার ২৪ ঘণ্টা পার হতে না হতেই নতুন বিতর্কে জড়িয়েছেন গায়ক মাইনুল আহসান নোবেল।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) আদালত থেকে জামিন পেয়েই মামলার বাদী আনাননিয়া শবনম রোজ অনন্যাকে মারধর করার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে সাংবাদিকদের সামনে এই অভিযোগ করেন ভুক্তভোগী তরুণী।
আদালত চত্বরে অনন্যা তার হাতের জখম ও কাটার দাগ দেখিয়ে ক্ষোভ প্রকাশ করেন। তিনি জানান, নোবেল আদালতে হাত-পা ধরে কান্নাকাটি করে জামিন নিয়েছিলেন। কিন্তু জামিন পেয়ে বাসায় ফেরার পরই তার রূপ বদলে যায়। কেন তার বিরুদ্ধে মামলা করা হলো—এই অজুহাতে নোবেল তাকে রাতভর মারধর করেন বলে অনন্যা দাবি করেন। তিনি আরও বলেন, নোবেল লোকসম্মুখে নিজেকে পরিস্থিতির শিকার দাবি করলেও ব্যক্তিগত জীবনে তিনি প্রচণ্ড উগ্র ও নেশাগ্রস্ত।
মামলার নথিপত্র অনুযায়ী, গত বছরের আগস্টে নোবেলসহ তার পরিবারের সদস্য ও সহযোগীদের বিরুদ্ধে মামলা করেছিলেন অনন্যা। অভিযোগে বলা হয়েছিল, বিয়ের প্রলোভন দেখিয়ে অনন্যার কাছ থেকে ১৩ লাখ টাকার বেশি হাতিয়ে নিয়েছেন নোবেল। পাশাপাশি তাকে আটকে রেখে হেনস্তা ও আপত্তিকর ছবি তৈরির চেষ্টাও করা হয়। পিবিআই-এর তদন্তে এসব অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ার পর গত ২ ফেব্রুয়ারি আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত।
ওই মামলায় সোমবার নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ এলাকা থেকে নোবেলকে গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার তাকে আদালতে হাজির করা হলে আপসের আলোচনা হয় এবং তা আদালতকে জানানো হয়। বিচারক উভয় পক্ষের সম্মতিতে এক হাজার টাকা মুচলেকায় ২ এপ্রিল পর্যন্ত জামিন মঞ্জুর করেন। কিন্তু জামিন পাওয়ার পরই সেই শর্ত ভঙ্গ করার অভিযোগ উঠলো এই গায়কের বিরুদ্ধে।
বাদীপক্ষের আইনজীবী সাজিদুল ইসলাম জানিয়েছেন, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে নোবেল জামিন নিলেও বাসায় গিয়ে বাদীকে নির্মমভাবে মারধর করেছেন। মারধরের চোটে একপর্যায়ে অনন্যা বেহুঁশ হয়ে পড়লে তাকে হাসপাতালে নিয়ে যেতে হয়। এই পরিস্থিতিতে জামিনের শর্ত ভঙ্গ করায় তারা দ্রুত নোবেলের জামিন বাতিলের আবেদন করবেন বলে জানিয়েছেন।