
চাঁদা না পেয়ে এক প্রবাসীর নির্মাণাধীন ভবনের মালামাল লুট করার অভিযোগ উঠেছে
নারায়ণগঞ্জের রূপগঞ্জে চাঁদা না পেয়ে এক প্রবাসীর নির্মাণাধীন ভবনের মালামাল লুট করার অভিযোগ উঠেছে স্থানীয় প্রভাবশালী একটি চক্রের বিরুদ্ধে। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সকালে উপজেলার ভুলতা ইউনিয়নের আউখাব এলাকায় এই ঘটনা ঘটে। অভিযুক্তরা হলেন নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি মাসুদুর রহমান মাসুদের বড় ভাই সাদিক ও ছোট ভাই মাসুম ওরফে বল্লা মাসুম।
স্থানীয় সূত্র ও প্রবাসীর স্বজনদের দাবি, অন্য জেলা থেকে এসে ভুলতার সোনাবো-কৈরাবো এলাকায় জমি কিনে বাড়ি নির্মাণ করছিলেন ওই প্রবাসী। কাজ শুরু হওয়ার পর থেকেই ছাত্রদল নেতা মাসুদের ভাইয়েরা দুই লাখ টাকা চাঁদা দাবি করে আসছিলেন। মাঝে নির্বাচনের সময় কিছুটা নীরব থাকলেও নির্বাচন শেষ হতেই তারা টাকার জন্য পুনরায় চাপ দিতে শুরু করেন।
ভুক্তভোগী প্রবাসীর স্ত্রী সাদিয়া আক্তার জানান, বৃহস্পতিবার সকালে সাদিক ও মাসুমের নেতৃত্বে ৬-৭ জন লোক এসে চাঁদা দাবি করেন। টাকা দিতে অস্বীকৃতি জানালে তারা ক্ষুব্ধ হয়ে ভবন নির্মাণের জন্য রাখা বিপুল পরিমাণ রড লুট করে নিয়ে যান। এসময় বাধা দিতে গেলে প্রবাসীর পরিবারের সদস্যদের ওপর হামলা চালানো হয় বলেও অভিযোগ করেন তিনি।
খবর পেয়ে ভুলতা পুলিশ ফাঁড়ির পরিদর্শক মোখলেসুর রহমান জানান, বিষয়টি খতিয়ে দেখতে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হচ্ছে। তিনি স্পষ্ট করে বলেন, ‘চাঁদাবাজ যেই হোক না কেন, কাউকে কোনো ছাড় দেওয়া হবে না। তদন্ত সাপেক্ষে দ্রুত আইনি পদক্ষেপ নেওয়া হবে।’