
ছবি: সংগৃহীত
টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার কাছে বড় হারের পর সেমিফাইনালের সমীকরণ বেশ কঠিন হয়ে পড়েছিল ভারতের। রানরেটে অনেকটা পিছিয়ে থাকা ভারতের জন্য দ্বিতীয় ম্যাচটি ছিল ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জ। সেই চ্যালেঞ্জে জিম্বাবুয়েকে ৭২ রানের বিশাল ব্যবধানে হারিয়ে সেমিফাইনালের আশা টিকিয়ে রাখলো টিম ইন্ডিয়া।
চেন্নাইয়ের মাঠে অনুষ্ঠিত ম্যাচে জিম্বাবুয়ের বোলারদের ওপর রীতিমতো তাণ্ডব চালিয়েছে ভারতীয় ব্যাটাররা। টস জিতে ভারতকে ব্যাটিংয়ে পাঠিয়ে যেন ভুলই করেছিল জিম্বাবুয়ে। অফফর্মে থাকা অভিষেক শর্মা আজ ৩০ বলে ৫৫ রানের বিধ্বংসী ইনিংস খেলেন। এছাড়া ইশান কিশানের ৩৮ এবং সূর্যকুমার যাদবের ৩৩ রানের ঝোড়ো ইনিংসে ভর করে ১৩ ওভারেই দেড়শ রান পেরিয়ে যায় ভারত।
ইনিংসের শেষ দিকে হার্দিক পান্ডিয়া এবং তিলক ভার্মার ব্যাটিং তাণ্ডবে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেটে ২৫৬ রানের পাহাড়সম পুঁজি দাঁড় করায় ভারত। এটি চলতি আসরের সর্বোচ্চ দলীয় সংগ্রহ। হার্দিক ২৩ বলে ৫০ এবং তিলক ভার্মা মাত্র ১৬ বলে ৪৪ রান করে অপরাজিত থাকেন।
২৫৭ রানের প্রায় অসম্ভব লক্ষ্য তাড়া করতে নেমে জিম্বাবুয়ে ৬ উইকেটে ১৮৪ রানে থামে। দলের পক্ষে ব্রায়ান বেনেট একাই লড়াই চালিয়ে যান। আক্ষেপের বিষয় হলো, মাত্র ৩ রানের জন্য সেঞ্চুরি মিস করে ৫৯ বলে ৯৭ রানে অপরাজিত থাকেন তিনি। ভারতের পক্ষে অর্শদিপ সিং ২৪ রান খরচায় ৩টি গুরুত্বপূর্ণ উইকেট শিকার করেন।
এই বিশাল জয়ের ফলে ভারত সেমিফাইনালের দৌড়ে টিকে থাকলেও তাদের রানরেট এখনো মাইনাস (-০.১০০) ঘরে রয়েছে। গ্রুপ টেবিল অনুযায়ী দক্ষিণ আফ্রিকা এবং ওয়েস্ট ইন্ডিজের তুলনায় ভারত এখনো পিছিয়ে আছে। শেষ চারে জায়গা করে নিতে হলে ভারতকে পরের ম্যাচেও বড় ব্যবধানে জয়ের লক্ষ্য নিয়ে মাঠে নামতে হবে।