
ফাইল ছবি
ঢাকা ও নরসিংদীসহ দেশের বিভিন্ন স্থানে সাম্প্রতিক সময়ে সংঘটিত শিশু ও কিশোরী ধর্ষণের পর হত্যার ঘটনায় গভীর ক্ষোভ প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এসব ঘটনার তীব্র নিন্দা জানান এবং জড়িতদের দৃষ্টান্তমূলক বিচারের দাবি তোলেন।
ডা. শফিকুর রহমান তার পোস্টে উল্লেখ করেন, ঢাকায় ৬ বছরের শিশুকে পাশবিক নির্যাতন, নরসিংদীতে ১৫ বছরের কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ ও খুন এবং হাজারিবাগে স্কুলছাত্রী হত্যার ঘটনা পুরো জাতিকে স্তম্ভিত করেছে।
তিনি অভিযোগ করেন, এসব অপরাধে নগ্ন রাজনৈতিক সংশ্লিষ্টতা এবং প্রশাসনের চরম শৈথিল্য দেখা যাচ্ছে। অপরাধীদের বিচার নিশ্চিত না করে উল্টো ভুক্তভোগী পরিবারকে এলাকা ছাড়া করার চেষ্টার মতো মানবাধিকার লঙ্ঘনের ঘটনাকে তিনি নজিরবিহীন দুঃসাহস বলে অভিহিত করেন।
জামায়াত আমির তার বক্তব্যে প্রশ্ন তোলেন, শিশু তাহিয়া হত্যার পর কার ইশারায় একে ‘দুর্ঘটনা’ বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে এবং কারা এখন মামলা তুলে নিতে পরিবারকে হুমকি দিচ্ছে? তিনি স্পষ্ট করে বলেন, দলীয় পদবি ও ক্ষমতার অপব্যবহার করে অপরাধীদের রক্ষা করা কোনো সভ্য দেশের সংস্কৃতি হতে পারে না।
ইনসাফ বা ন্যায়বিচারের প্রশ্নে কোনো আপস চলবে না উল্লেখ করে তিনি অবিলম্বে দোষীদের আইনের আওতায় এনে স্বচ্ছ তদন্ত ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান। একই সঙ্গে রাষ্ট্রের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর নিরাপত্তা, চিকিৎসা, আইনি সহায়তা ও পুনর্বাসন নিশ্চিত করার আহ্বান জানান তিনি।
সবশেষে তিনি নিহতদের রুহের মাগফিরাত কামনা করেন এবং মজলুমদের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।