
পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে বৈঠক করেন সৌদি আরবের উপপররাষ্ট্রমন্ত্রী ওয়ালিদ আল এলখেরেজি।
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি পদে বাংলাদেশের প্রার্থিতার প্রতি পূর্ণ সমর্থন জানিয়েছে সৌদি আরব, পাকিস্তান, তুরস্ক, ফিলিস্তিন ও গাম্বিয়াসহ একাধিক দেশ।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সৌদি আরবের জেদ্দা শহরে অনুষ্ঠিত ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) ফিলিস্তিন বিষয়ক জরুরি অধিবেশনের ফাঁকে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে পৃথক বৈঠকে এই সমর্থনের কথা জানান সংশ্লিষ্ট দেশগুলোর শীর্ষ প্রতিনিধিরা।
বৈঠকে উপস্থিত ছিলেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার, সৌদি আরবের উপপররাষ্ট্রমন্ত্রী ওয়ালিদ আল এলখেরেজি, তুরস্কের উপপররাষ্ট্রমন্ত্রী মুসা কুলাকিলিকায়া, ফিলিস্তিনের পররাষ্ট্রমন্ত্রী ভারসেন আগাবেকিয়ান এবং গাম্বিয়ার পররাষ্ট্রমন্ত্রী সেরিং মোদাও।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে জানানো হয়, আসন্ন জুনে অনুষ্ঠেয় জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি পদে বাংলাদেশের প্রার্থী হিসেবে সরকার খলিলুর রহমানকে মনোনয়ন দিয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, প্রতিনিধিদলগুলোর নেতারা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নির্বাচনী বিজয় এবং প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করায় তারেক রহমানকে অভিনন্দন জানান। একই সঙ্গে ফিলিস্তিন ইস্যুতে বাংলাদেশের অবিচল অবস্থানের প্রশংসা করেন তারা এবং জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতিত্বের জন্য বাংলাদেশের প্রার্থিতার প্রতি পূর্ণ সমর্থন পুনর্ব্যক্ত করেন।
এ সময় পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সঙ্গে তার পূর্ববর্তী বৈঠকের কথা স্মরণ করেন এবং জানান, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ব্যক্তিগতভাবে প্রধানমন্ত্রী তারেক রহমানকে শুভেচ্ছা জানাতে বাংলাদেশ সফরের প্রত্যাশায় রয়েছেন।
এদিকে নতুন সরকারের অধীনে ঢাকা ও ইসলামাবাদের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার হবে বলে আশাবাদ ব্যক্ত করেন ইসহাক দার।