
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরে। ফাইল ছবি
বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, যথাসময়ে দেশে স্থানীয় নির্বাচন অনুষ্ঠিত হবে এবং গণতন্ত্রকে তার প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া হবে। তিনি বলেন, দেশের পরিস্থিতি আগের চেয়ে অনেক ভালো এবং ভঙ্গুর প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী ও প্রাতিষ্ঠানিক রূপ দিতে সরকার কাজ করছে।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) জুমার নামাজ শেষে ঠাকুরগাঁও হাফেজিয়া মাদরাসা ও লিল্লাহ বোর্ডিংয়ের বহুতল ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
অনুষ্ঠানে জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমিনসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এ সময় নিজ এলাকার মানুষের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে মির্জা ফখরুল বলেন, তিনি ঠাকুরগাঁওবাসীর কাছে সবসময় ঋণী। জনগণের সমর্থনেই তিনি কাজ করার সুযোগ পেয়েছেন বলে উল্লেখ করেন।
দলীয় সূত্র জানায়, সরকার গঠনের পর তিন দিনের সরকারি সফরে তিনি নিজ নির্বাচনী এলাকায় অবস্থান করছেন। সফরের অংশ হিসেবে শুক্রবার বিকেলে ইএসডিও’র আয়োজনে একটি ইফতার মাহফিলে যোগ দেওয়ার কথা রয়েছে।
এ ছাড়া শনিবার সকালে সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করবেন তিনি এবং বিকেলে জেলা বিএনপি ও মির্জা রুহুল আমিন স্মৃতি সংসদ–এর আয়োজনে ইফতার মাহফিলে অংশ নেবেন। সফর শেষে পরদিন সকালে ঢাকার উদ্দেশে রওনা হবেন তিনি।
বক্তব্যে তিনি আরও বলেন, দেশের গণতান্ত্রিক ধারাকে টেকসই করতে প্রাতিষ্ঠানিক কাঠামো জোরদারে সরকার দৃঢ়ভাবে কাজ করে যাচ্ছে।