
আন্দোলনে নামার হুশিয়ারি দিয়েছে বাংলাদেশ গার্মেন্ট ও সোয়েটার্স শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র।
ন্যায্য পাওনা আদায়ে ঈদের আগেই রাজপথে আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছে বাংলাদেশ গার্মেন্ট ও সোয়েটার্স শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র। শুক্রবার জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশে নেতারা বলেন, আগামী ২০ রমজানের মধ্যে বেতন–বোনাস পরিশোধ না হলে আন্দোলনে নামতে বাধ্য হবেন শ্রমিকরা।
সমাবেশে সভাপতিত্ব করেন কাজী রুহুল আমিন। এতে বক্তব্য দেন অর্থনীতিবিদ এম. এম. আকাশ। তিনি বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে ভোট দিয়ে শ্রমিকরা তারেক রহমানকে প্রধানমন্ত্রী করেছে—এখন শ্রমিকদের ন্যায্য দাবি বাস্তবায়নের পরীক্ষা দিতে হবে সরকারকে।
শ্রম সংস্কার কমিশনের চেয়ারম্যান সৈয়দ সুলতান উদ্দিন আহমেদ বলেন, কোনো মালিক ঈদের আগে বেতন–বোনাস দিতে না পারলে সরকারকে দায়িত্ব নিয়ে তা পরিশোধ করতে হবে।
সমাবেশে আরও বক্তব্য দেন জাতীয় নারী শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সভাপতি সাহিদা পারভীন শিখাসহ অন্যান্য শ্রমিক নেতারা। এতে তাজরীন ফ্যাশনসের আহত শ্রমিক জরিনা বেগমও বক্তব্য দেন।
সমাবেশ শেষে একটি লাল পতাকার মিছিল প্রেসক্লাব ও পল্টন এলাকার সড়ক প্রদক্ষিণ করে।