
প্রধানমন্ত্রী তারেক রহমান
আগামী ১০ মার্চ পরীক্ষামূলকভাবে বগুড়ায় ‘ফ্যামিলি কার্ড’ কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ উপলক্ষে সেদিন তিনি বগুড়া সফরে যাবেন। প্রধানমন্ত্রী হিসেবে এটি হবে তারেক রহমানের বগুড়ায় প্রথম সরকারি সফর।
শুক্রবার এসব তথ্য জানান স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
তিনি জানান, বগুড়ার মহাস্থানগড় এলাকায় অবস্থিত শাহ সুলতান বলখী (রহ.)-এর মাজার প্রাঙ্গণে নামাজের আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব তথ্য তুলে ধরা হয়।
প্রতিমন্ত্রী বলেন, সরকারের ঘোষিত সামাজিক সুরক্ষা কর্মসূচির অংশ হিসেবে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের সূচনা বগুড়া থেকেই হবে। এ কর্মসূচির উদ্বোধন উপলক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমান বগুড়া সফর করবেন।
প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে জেলা প্রশাসন ও স্থানীয় নেতাকর্মীদের মধ্যে ইতোমধ্যে প্রস্তুতি শুরু হয়েছে বলেও জানান তিনি।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, কার্ডধারী প্রতিটি পরিবার মাসে আড়াই হাজার টাকা করে আর্থিক সহায়তা পাবে। দেশের হতদরিদ্র, দরিদ্র ও নিম্নবিত্ত পরিবারের নারীরা এই সুবিধার আওতায় আসবেন।
প্রাথমিকভাবে পরীক্ষামূলক কার্যক্রম পরিচালনার জন্য বগুড়া সদর উপজেলার শাখারিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডকে নির্বাচিত করা হয়েছে। সম্ভাব্য সুফলভোগী পরিবার চিহ্নিত করতে মাঠপর্যায়ে তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু হয়েছে।
এদিকে দরিদ্র, হতদরিদ্র ও নিম্নবিত্ত পরিবারের প্রকৃত তালিকা নির্ধারণে স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের সমন্বয়ে যাচাই–বাছাই কার্যক্রম চলমান রয়েছে।