
ছবি: সংগৃহীত
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের বগুড়া-৬ (সদর) আসনের উপনির্বাচনে বিএনপির পর এবার প্রার্থী ঘোষণা করল বাংলাদেশ জামায়াতে ইসলামী।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) জরুরি দায়িত্বশীলদের বৈঠকে বগুড়া শহর জামায়াতের আমির ও দলটির কেন্দ্রীয় কর্ম-পরিষদের সদস্য আবিদুর রহমান সোহেলকে প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়। তিনি আগেও এই আসনে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করেছেন।
বগুড়া শহর জামায়াতের যুব ও ক্রীড়া সম্পাদক আব্দুস ছালাম তুহিন জানান, কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী শহর জামায়াতের আমির ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য আবিদুর রহমান সোহেলকে বগুড়া-৬ আসনের উপনির্বাচনে প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে। শনিবার সকালে তার মনোনয়নপত্র সংগ্রহ করা হবে।
উল্লেখ্য, ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৬ আসন থেকে তারেক রহমান সংসদ সদস্য নির্বাচিত হন। পরে তিনি আসনটি ছেড়ে দেওয়ায় নির্বাচন কমিশন নতুন তফশিল ঘোষণা করেছে। ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ২ মার্চ মনোনয়নপত্র দাখিলের শেষ দিন, ৫ মার্চ মনোনয়নপত্র বাছাই, ১৪ মার্চ প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন, ১৫ মার্চ প্রতীক বরাদ্দ এবং ৯ এপ্রিল ভোট গ্রহণ।
বগুড়া-৬ আসনে মোট ভোটার ৪ লাখ ৫০ হাজার ৩০৯ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ১৯ হাজার ৯২৫ জন, নারী ভোটার ২ লাখ ৩০ হাজার ৩৭৪ জন এবং হিজড়া ভোটার ১০ জন। এছাড়া পোস্টাল ভোটারের সংখ্যা ৩ হাজার ৭৩৪ জন।