
ছবি: সংগৃহীত
মালয়েশিয়ায় অবৈধভাবে অবস্থান ও ইমিগ্রেশন আইন লঙ্ঘনের অভিযোগে আটক হওয়া ২৬ জন বিদেশি নাগরিককে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন দেশটির একটি আদালত। দণ্ডপ্রাপ্তদের মধ্যে ৪ জন বাংলাদেশি এবং ২২ জন ইন্দোনেশিয়ান নাগরিক রয়েছেন।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) পেরাক রাজ্যের তেলুক ইনতান ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক নাইদাতুল আথিরাহ আজমান এই রায় ঘোষণা করেন।
আদালত সূত্রে জানা গেছে, অভিযুক্ত ৮ জন অভিবাসীকে (যার মধ্যে ৪ জন বাংলাদেশি) ইমিগ্রেশন অ্যাক্ট ১৯৫৯/১৯৬৩-এর ৬(১)(সি) ধারায় দোষী সাব্যস্ত করা হয়েছে। বৈধ নথিপত্র ছাড়া মালয়েশিয়ায় প্রবেশের দায়ে তাদের প্রত্যেককে ৪ মাসের কারাদণ্ড এবং একটি করে বেত্রাঘাতের নির্দেশ দেওয়া হয়েছে।
অন্যদিকে, ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও দেশটিতে অবস্থানের কারণে ১৮ জন ইন্দোনেশিয়ান নাগরিককে ৫ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।
এই মামলার শুনানিতে আরও ৪ জন ইন্দোনেশিয়ান নাগরিক উপস্থিত ছিলেন, তবে তারা নিজেদের নির্দোষ দাবি করায় তাদের বিচার প্রক্রিয়া স্থগিত করা হয়েছে। আদালত তাদের মামলার পরবর্তী শুনানির জন্য আগামী ১ এপ্রিল দিন ধার্য করেছেন।
উল্লেখ্য, চলতি মাসের ১৩ ফেব্রুয়ারি বাগান দাতুক-এর সুঙ্গাই পায়ুং এলাকায় একটি পাম তেলের বাগানে অভিযান চালিয়ে এসব অভিবাসীকে আটক করেছিল মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগ। আটক ব্যক্তিদের বয়স ১৮ থেকে ৫৫ বছরের মধ্যে।
বিচার চলাকালে রাষ্ট্রপক্ষে দায়িত্ব পালন করেন ডেপুটি সরকারি কৌঁসুলি নুর দারউইস আগনিয়া হালিম আজিজি। তবে অভিযুক্তদের পক্ষে কোনো আইনজীবী উপস্থিত ছিলেন না।