
পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) নির্বাচনে সভাপতি পদে বাংলাদেশের প্রার্থিতার পক্ষে ইসলামী সহযোগিতা সংস্থা বা ওআইসিভুক্ত দেশগুলোর পূর্ণ সমর্থনের আশ্বাস পাওয়া গেছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।
তিনি জানান, ওআইসির প্রতিনিধিরা শুধু বাংলাদেশকে সমর্থনই দেবে না, বরং বাংলাদেশের পক্ষে সক্রিয়ভাবে প্রচারণাও চালাবে।
সৌদি আরব সফর শেষে শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) দিবাগত রাতে ঢাকায় ফিরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।
এ সময় আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, যুদ্ধ কখনোই কারও জন্য কল্যাণ বয়ে আনে না। চলমান পরিস্থিতিকে ‘খুবই দুঃখজনক’ উল্লেখ করে তিনি জানান, বাংলাদেশ বিষয়টি সতর্কতার সঙ্গে পর্যবেক্ষণ করছে।
ফিলিস্তিন প্রশ্নে বাংলাদেশের অবস্থান পুনর্ব্যক্ত করে তিনি বলেন, বাংলাদেশ সম্পূর্ণভাবে ফিলিস্তিনের পক্ষে। জেরুজালেমকে রাজধানী করে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে বাংলাদেশ অটল। এ প্রসঙ্গে তিনি উল্লেখ করেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানও এই দাবির পক্ষে ছিলেন।
এদিকে ওআইসি বৈঠকে বাংলাদেশ দ্ব্যর্থহীনভাবে ভূমি ক্রয়সংক্রান্ত সাম্প্রতিক ইসরায়েলের আইনের নিন্দা জানিয়েছে বলে জানান পররাষ্ট্রমন্ত্রী। তাঁর মতে, ভূমি সংক্রান্ত ওই পদক্ষেপ আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন।