
ছবি: সংগৃহীত
আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটের রুদ্ধশ্বাস লড়াইয়ে নিউজিল্যান্ডকে ৪ উইকেটে হারিয়েছে ইংল্যান্ড। এই জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে শেষ চার নিশ্চিত করল ইংলিশরা। সেই সাথে সেমিফাইনালের আশা টিকে থাকল পাকিস্তানের।
সুপার এইটে নিজেদের শেষ ম্যাচে আজ শনিবার (২৮ ফেব্রুয়ারি) শ্রীলঙ্কার মুখোমুখি হবে পাকিস্তান। সেই ম্যাচে জয় ছাড়া কোনো বিকল্প নেই তাদের সামনে। পাশাপাশি নজর রাখতে হবে নেট রান রেটের হিসাবেও। সব সমীকরণ মিললে তবেই ইংল্যান্ডের সঙ্গে গ্রুপ থেকে দ্বিতীয় দল হিসেবে সেমিফাইনালে জায়গা করে নিতে পারবে ২০০৯ সালের চ্যাম্পিয়নরা। একই প্রত্যাশায় অপেক্ষায় রয়েছে নিউজিল্যান্ডও।
কলম্বোর প্রেমাদাসা ক্রিকেট স্টেডিয়ামে আগে ব্যাট করে ৭ উইকেটে ১৫৯ রানের সংগ্রহ পায় নিউজিল্যান্ড। ১৬০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই ধাক্কা খায় ইংল্যান্ড। ৫৮ রানেই ৪ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় তারা। ম্যাচ তখন কিউইদের দিকেই হেলে পড়েছিল।
তবে শেষ দিকে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন উইল জ্যাকস ও রেহান আহমেদ। সপ্তম উইকেটে মাত্র ১৬ বলে অবিচ্ছিন্ন ৪৪ রানের ঝড়ো জুটি গড়ে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন তারা। জ্যাকস খেলেন ১৮ বলে ৩২ রানের ইনিংস, আর রেহান আহমেদ ৭ বলে অপরাজিত ১৯ রান করে ম্যাচ শেষ করেন। এছাড়া টম ব্যান্টনের ৩৩ ও হ্যারি ব্রুকের ২৬ রানও জয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখে।
নিউজিল্যান্ডের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট পেয়েছেন রাচিন রবীন্দ্র। একটি করে হেনরি, ফার্গুসন ও ফিলিপস।
এর আগে, উদ্বোধনী জুটিতে ৬৪ রান যোগ করেন টিম সেইফার্ট ও ফিন অ্যালেন। ৫ বলের ব্যবধানে দুজনের বিদায়ে ম্যাচে ফেরে ইংল্যান্ড। সেইফার্ট ৩৫ ও ফিন অ্যালেন করেন ২৯ রান। রাচিন রবীন্দ্র ১১ রানের বেশি করতে পারেননি। তার বিদায়ে ৯৭ রানে ৩ উইকেট হারায় ব্ল্যাকক্যাপসরা।
৮ বলে ১৫ রান করা মার্ক চাপম্যান বড় কিছু স্বপ্ন দেখালেও সেখানেই থামেন তিনি। ১২৩ রানে ৪ উইকেটে হারায় নিউজিল্যান্ড। মাত্র ৩ রান করে ব্যর্থ হন ড্যারিল মিচেল। তার বিদায়ে ১৩৩ রানে ৫ উইকেট হারায় নিউজিল্যান্ড।
মিচেলের পর নিউজিল্যান্ডের হয়ে সর্বোচ্চ ৩৯ রান করা গ্লেন ফিলিপসও বিদায় নেন। ৪ চার এক ছক্কা হাঁকান তিনি। ১৩৫ রানে পতন হয় ৬ উইকেটের। সবশেষ উইকেট হিসেবে ১৪ রান করা কল ম্যাককনকি আউট হন। শেষ পর্যন্ত ৭ উইকেটে ১৫৯ রান জমা হয় নিউজিল্যান্ডের বোর্ডে। ৯ রান করে অপরাজিত ছিলেন অধিনায়ক মিচেল স্যান্টনার।
ইংল্যান্ডের বোলারদের মধ্যে সর্বোচ্চ দুটি করে উইকেট পেয়েছেন আদিল রশিদ, উইল জ্যাকস ও রেহান আহমেদ। একটি উইকেট পেয়েছেন লিয়াম ডসন।