
ফাইল ছবি
ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলা-পাল্টা হামলার ঘটনায় মধ্যপ্রাচ্য পরিস্থিতি চরম অস্থিতিশীল হয়ে ওঠায় ঢাকা থেকে ওই অঞ্চলের সব ফ্লাইট স্থগিত করেছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।
শনিবার (২৮ ফেব্রুয়ারি) এক জরুরি বার্তায় বেবিচক জানিয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ঢাকা থেকে মধ্যপ্রাচ্যগামী সব ধরনের ফ্লাইট চলাচল বন্ধ থাকবে। মূলত আকাশপথের নিরাপত্তা ঝুঁকি বিবেচনায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
দীর্ঘদিনের পরমাণু আলোচনার টেবিল থেকে সরে এসে আজ শনিবার ভোরে তেহরানে নতুন করে হামলা চালিয়েছে ইসরাইলের নেতানিয়াহু সরকার। এই হামলার জবাবে ইসরাইলসহ মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশে পাল্টা আক্রমণ শুরু করেছে ইরান।
দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থার তথ্যমতে, উপসাগরীয় অঞ্চলে অবস্থিত যুক্তরাষ্ট্রের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ কয়েকটি সামরিক ঘাঁটি লক্ষ্য করে এই হামলা চালানো হয়। যার মধ্যে কাতারের আল উদেইদ, কুয়েতের আল সালেম, সংযুক্ত আরব আমিরাতের আল দাফরা এবং বাহরাইনের পঞ্চম মার্কিন ঘাঁটি উল্লেখযোগ্য।
উল্লেখ্য যে, গত বছরের ১৩ জুন ‘অপারেশন রাইজিং লায়ন’-এর মাধ্যমে ইরানের পরমাণু স্থাপনায় মার্কিন-ইসরাইলি যৌথ হামলার পর থেকেই এই অঞ্চলে অস্থিরতা দানা বাঁধছিল। সেই সময় ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় সাময়িক যুদ্ধবিরতি হলেও দুই পক্ষের পারস্পরিক অবিশ্বাস চরমে পৌঁছায়।
ইরানের অভিযোগ, যুক্তরাষ্ট্র ও ইসরাইল দীর্ঘদিন ধরেই সেখানে শাসক পরিবর্তনের চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়ে এখন সরাসরি সামরিক সংঘাত উসকে দিচ্ছে। বর্তমান এই উত্তপ্ত পরিস্থিতির কারণে আন্তর্জাতিক বিমান যোগাযোগ ব্যবস্থা বড় ধরনের হুমকির মুখে পড়েছে।