
বাংলাদেশের তারকা ক্রিকেটার মুশফিকুর রহিম।
ইরানের ওপর ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলাকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যে চলমান নিরাপত্তা পরিস্থিতির অবনতির কারণে ওই অঞ্চলের সব গন্তব্যে ফ্লাইট সাময়িকভাবে স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। একই কারণে বিভিন্ন আন্তর্জাতিক এয়ারলাইন্সও তাদের ফ্লাইট চলাচল বন্ধ রেখেছে।
এ পরিস্থিতিতে সৌদি আরবের জেদ্দাতে আটকা পড়েছেন বাংলাদেশের তারকা ক্রিকেটার মুশফিকুর রহিম।
জানা গেছে, কয়েক দিন আগে ওমরাহ পালনের উদ্দেশ্যে তিনি মক্কাতে যান। সব আনুষ্ঠানিকতা শেষে শনিবার (২৮ ফেব্রুয়ারি) দুবাই হয়ে বাংলাদেশে ফেরার কথা ছিল তার। তবে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে যাত্রা শুরু করলেও নিরাপত্তাজনিত কারণে আবার জেদ্দায় ফিরে যেতে হয় তাকে।
ফেসবুকে দেওয়া এক পোস্টে মুশফিকুর রহিম লেখেন, ‘আসসালামু আলাইকুম। কয়েক দিন আগে আমি ওমরাহ হজের উদ্দেশ্যে মক্কায় এসেছিলাম। আলহামদুলিল্লাহ, হজের সব আনুষ্ঠানিকতা শেষ করেছি এবং আজ দুবাই হয়ে এমিরেটস এয়ারলাইন্সে বাংলাদেশে ফেরার কথা ছিল। আজ সকালে আমরা জেদ্দা থেকে দুবাইয়ের উদ্দেশ্যে এমিরেটসের ইকে–০৮০৬ ফ্লাইটে রওনা দিই। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানের মধ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে ফ্লাইটটি আবার জেদ্দায় ফিরে আসে।’
আরেকটি পোস্টে তিনি লেখেন, ‘এখন আমি জেদ্দা বিমানবন্দরে আছি। এখানে আমার সঙ্গে হাজারো যাত্রী আটকে আছেন। একমাত্র সর্বশক্তিমান আল্লাহই জানেন, কখন এবং কীভাবে আমরা অন্যান্য বাংলাদেশিদের সঙ্গে ঢাকায় ফিরতে পারব।’
এদিকে তেহরানের পরমাণু কর্মসূচি নিয়ে কয়েক দফা আলোচনার পর শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকালে ইরানে যৌথ হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। দেশটির রাজধানী তেহরানসহ পাঁচটি শহরকে লক্ষ্য করে এই হামলা চালানো হয়।
অন্যদিকে, ইসরায়েলসহ আশপাশের বিভিন্ন দেশে অবস্থিত মার্কিন ঘাঁটি লক্ষ্য করে পাল্টা হামলা চালায় ইরান। এতে বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, কাতার ও সৌদি আরবে শক্তিশালী বিস্ফোরণের খবর পাওয়া গেছে।
এই পাঁচটি উপসাগরীয় দেশই তাদের আকাশসীমা বন্ধ ঘোষণা করেছে। এর ফলে ঢাকা থেকে মধ্যপ্রাচ্যের সব বাণিজ্যিক ফ্লাইট সাময়িকভাবে স্থগিত হয়ে যায়।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক বোসরা ইসলাম গণমাধ্যমকে বলেন, ‘মধ্যপ্রাচ্যগামী সব ফ্লাইট স্থগিত করা হয়েছে। এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে।’