
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। ফাইল ছবি
ইসরায়েলের সাম্প্রতিক হামলার পর ইরানের কয়েকজন শীর্ষ সামরিক কর্মকর্তা নিহত হয়েছেন—এমন জল্পনার মধ্যেই দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি মন্তব্য করেছেন, ‘আমরা হয়তো কয়েকজন কমান্ডারকে হারিয়েছি, কিন্তু এটি খুব বড় সমস্যা নয়।’
এনবিসি নিউজের এক প্রতিবেদকের বরাতে রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
শনিবার এনবিসিকে দেওয়া তার একটি সাক্ষাৎকার প্রকাশিত হয়েছে, যেখানে তিনি বলেছেন, ইরানের প্রায় সব কর্মকর্তা জীবিত, সুস্থ ও নিরাপদ স্থানে আছেন।
এর আগে বিভিন্ন সূত্রের বরাতে জানানো হয়, ইসরায়েলের হামলায় ইরানের প্রতিরক্ষামন্ত্রী এবং দেশটির অভিজাত সামরিক বাহিনী ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) কমান্ডার নিহত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে। তবে এ বিষয়ে ইরানের রাজধানী তেহরানের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো বক্তব্য দেওয়া হয়নি।
এদিকে সাম্প্রতিক হামলায় ইসরায়েল ও যুক্তরাষ্ট্র ইরানের রাজধানী তেহরানসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনাকে লক্ষ্যবস্তু করেছে বলে জানা গেছে। আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে, এসব হামলার মাধ্যমে ইরানের সামরিক ও রাজনৈতিক নেতৃত্বকে সরাসরি আঘাত করার চেষ্টা করা হয়েছে।
বিশ্লেষকেরা বলছেন, পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচির বক্তব্য থেকে স্পষ্ট হচ্ছে—শীর্ষ পর্যায়ে ক্ষয়ক্ষতির সম্ভাবনা পুরোপুরি উড়িয়ে দিচ্ছে না তেহরান। তবে একই সঙ্গে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে—এমন বার্তাও আন্তর্জাতিক মহলে পৌঁছে দিতে চাচ্ছে ইরান।