
ফাইল ছবি
দেশের বাজারে আবারও বাড়ানো হয়েছে সোনার দাম। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনার দাম ৩ হাজার ২৬৬ টাকা বাড়িয়ে নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৬৮ হাজার ৬৮০ টাকা। রোববার (১ মার্চ) থেকে এ দাম কার্যকর হবে।
স্থানীয় বাজারে তেজাবী সোনার (পাকা সোনা) দাম বৃদ্ধির প্রেক্ষাপটে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। শনিবার (২৮ ফেব্রুয়ারি) রাতে বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটির বৈঠকে নতুন দাম নির্ধারণ করা হয়। পরে কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন সই করা বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
নতুন দামে ২১ ক্যারেটের প্রতি ভরি সোনা ৩ হাজার ৯১ টাকা বাড়িয়ে ২ লাখ ৫৬ হাজার ৪৩৩ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ২ হাজার ৬৮৩ টাকা বাড়িয়ে ২ লাখ ১৯ হাজার ৮০৮ টাকা এবং সনাতন পদ্ধতির সোনা ২ হাজার ১৫৮ টাকা বাড়িয়ে ১ লাখ ৭৯ হাজার ৮৫৯ টাকা নির্ধারণ করা হয়েছে।
এর আগে শনিবার সকাল ১০টা ৩০ মিনিট থেকে ২২ ক্যারেটের সোনার দাম ৪ হাজার ৩৭৪ টাকা বাড়িয়ে ২ লাখ ৬৫ হাজার ৪১৪ টাকা করা হয়েছিল। তার আগে ২৩ ফেব্রুয়ারি ২ হাজার ২১৬ টাকা এবং ২১ ফেব্রুয়ারি ৩ হাজার ২৬৬ টাকা বাড়ানো হয়। ফলে চার দফায় ভালো মানের প্রতি ভরি সোনার দাম বেড়েছে মোট ১৩ হাজার ১২২ টাকা।
সোনার পাশাপাশি রুপার দামও বাড়ানো হয়েছে। ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ১১৫ টাকা বাড়িয়ে ৬ হাজার ৯৯৭ টাকা নির্ধারণ করা হয়েছে। ২১ ক্যারেটের রুপা ৬ হাজার ৭০৭ টাকা, ১৮ ক্যারেটের ৫ হাজার ৭১৫ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা ৪ হাজার ৩১৬ টাকা নির্ধারণ করা হয়েছে।