
ছবি: সংগৃহীত
রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) শনিবার (২৮ ফেব্রুয়ারি) রাতে অনুষ্ঠিত জামায়াতে ইসলামী আয়োজিত ইফতার মাহফিলে অংশ নিয়ে রাজনৈতিক অঙ্গনের শীর্ষ নেতাদের সঙ্গে এক ব্যতিক্রমী অভিজ্ঞতার কথা জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এই কুশল বিনিময়ের নানা চমকপ্রদ তথ্য তুলে ধরেন।
নাসীরুদ্দীন পাটওয়ারী জানান, ইফতার মাহফিলে তিনি জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান, প্রধানমন্ত্রী তারেক রহমান এবং বিএনপি ও অন্যান্য দলের শীর্ষ নেতাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। জামায়াত আমীরের কাছে দোয়া চাইলে তিনি ইতিবাচক সাড়া দিয়ে বলেন, ‘তোমার জন্য দোয়া ও দাওয়াহ—দুইটাই রইল।’
ইফতারের টেবিলে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে কথোপকথনের সময় পাটওয়ারী ‘ফ্যামিলি কার্ড’ চালুর বিষয়টি উত্থাপন করে বলেন, বাসার বুয়া প্রতিদিন ফ্যামিলি কার্ড চায়। এটা নির্বাচনে জেতার ভালো কৌশল ছিলো। এর জবাবে প্রধানমন্ত্রী তাকে আশ্বস্ত করে জানান, এই উদ্যোগটি ইতিমধ্যে শুরু হয়েছে এবং খুব শীঘ্রই তা সারা দেশে কার্যকর করা হবে।
এ ছাড়া ইফতারের ফাঁকে তিনি বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান এবং স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদের সঙ্গেও বিভিন্ন জাতীয় ইস্যুতে কথা বলেন। শহীদ ওসমান হাদি হত্যাকাণ্ডের বিচার দ্রুত করার অনুরোধ জানালে স্বরাষ্ট্রমন্ত্রী তাকে জানান, সঠিক বিচার প্রক্রিয়া নিশ্চিত করতে কিছুটা সময়ের প্রয়োজন।
তবে অনুষ্ঠানের সবচেয়ে আলোচিত অংশ ছিল বিএনপি নেতা মির্জা আব্বাসের সঙ্গে তার কথোপকথন। পাটওয়ারী জানান, ইফতার শেষে বিদায় নেওয়ার সময় মির্জা আব্বাস তাকে হাসিচ্ছলে ‘দুষ্টুমি না করার’ পরামর্শ দেন। জবাবে পাটওয়ারী রসিকতা করে বলেন, ‘ছোট ভাইয়ের সিট এভাবে কেড়ে না নিয়ে ছেড়ে দিলেও পারতেন।’ মূলত দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা ও নতুন প্রজন্মের নেতৃত্বের মধ্যকার এক বন্ধুত্বপূর্ণ ও সস্প্রীতির চিত্রই ফুটে উঠেছে নাসীরুদ্দীন পাটওয়ারীর এই বর্ণনায়।
জামায়াতের এই ইফতার মাহফিলে দেশের বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ ব্যক্তিত্ব ছাড়াও গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।