
ইরানে ইসরায়েলের চালানো হামলায় অন্তত ২০১ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন কমপক্ষে ৭৪৭ জন। ইরানের মানবিক সহায়তা সংস্থা ইরানিয়ান রেড ক্রিসেন্ট সোসাইটি এ তথ্য জানিয়েছে।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, রেড ক্রিসেন্টের বরাতে ইরানি গণমাধ্যম জানিয়েছে—ইরানের অন্তত ২৪টি প্রদেশে একযোগে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল।
এর আগে ইসরায়েল দাবি করে, ইরানের ক্ষেপণাস্ত্র ও বিমান প্রতিরক্ষা ব্যবস্থাকে লক্ষ্য করে তারা নিজেদের ইতিহাসের ‘সবচেয়ে বড় বিমান হামলা’ পরিচালনা করেছে।
ইসরায়েলি সেনাবাহিনীর বরাতে আল জাজিরা জানায়, দেশটির প্রায় ২০০টি যুদ্ধবিমান পশ্চিম ও মধ্য ইরানে ক্ষেপণাস্ত্র ও বিমান প্রতিরক্ষা স্থাপনায় হামলা চালিয়েছে।
প্রতিবেদনে আরও বলা হয়, এসব যুদ্ধবিমান একযোগে ইরানের বিভিন্ন এলাকায় প্রায় ৫০০টি লক্ষ্যবস্তুতে আঘাত হানে। লক্ষ্যবস্তুর মধ্যে ছিল ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ও ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্র।
ইসরায়েলি সেনাবাহিনী আরও জানিয়েছে, পশ্চিম ইরানের তাবরিজ এলাকায় ভূমি থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ স্থাপনাকে লক্ষ্য করেও একটি হামলা চালানো হয়েছে।