
ক্ষেপণাস্ত্র হামলার পর উদ্ধার তৎপরতা চলছে।
ইসরায়েলের বেইত শেমেশ এলাকায় ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ৮ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২৭ জন। আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে জরুরি সেবা কর্তৃপক্ষ।
রোববার এক বিবৃতিতে মাজেন ডেভিড আডোম জানায়, রাজধানী জেরুজালেম থেকে প্রায় ৩০ কিলোমিটার পশ্চিমে অবস্থিত বেইত শেমেশ এলাকায় সরাসরি ক্ষেপণাস্ত্র আঘাত হানে।
জরুরি সেবা সংস্থাটির তথ্য অনুযায়ী, হামলার পরপরই উদ্ধার অভিযান শুরু করা হয়। ঘটনাস্থলে একাধিক চিকিৎসক দল মোতায়েন করা হয়েছে এবং আহতদের দ্রুত সরিয়ে নিতে একটি হেলিকপ্টারও প্রস্তুত রাখা হয়েছে।
এদিকে হামলার বিষয়টি স্বীকার করেছে ইসরায়েলি সেনাবাহিনী।
মাজেন ডেভিড আডোমের মুখপাত্র জাকি হেলার বলেন, বেইত শেমেশে আবাসিক এলাকায় সরাসরি ক্ষেপণাস্ত্র আঘাতের কারণেই এই হতাহতের ঘটনা ঘটেছে।
স্থানীয় সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল জানিয়েছে, শহরের একটি আবাসিক অঞ্চলে ক্ষেপণাস্ত্রটি আঘাত হানে।
সূত্র: আল জাজিরা