
ছবি: সংগৃহীত
মধ্যপ্রাচ্যে সৃষ্ট যুদ্ধ পরিস্থিতির কারণে পবিত্র উমরাহ হজ সম্পন্ন করে দেশে ফেরার পথে সৌদি আরবের জেদ্দা বিমানবন্দরে আটকা পড়েছেন জাতীয় দলের ক্রিকেটার মুশফিকুর রহিম। তবে সব অনিশ্চয়তা কাটিয়ে আজ রবিবার (১ মার্চ) রাতে একটি বিশেষ ফ্লাইটে তিনি দেশে ফিরবেন।
জানা গেছে, উমরাহ পালন শেষে মুশফিক এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে দুবাই হয়ে দেশে ফেরার কথা ছিল। কিন্তু ইরান ও ইসরায়েল-যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলার কারণে মধ্যপ্রাচ্যের আকাশপথ অনিরাপদ হয়ে পড়ায় ফ্লাইটটি জেদ্দায় ফিরে আসে।
গতকাল সামাজিক যোগাযোগমাধ্যমে মুশফিক লিখেছিলেন, সব ফ্লাইট আবার জেদ্দায় ফিরিয়ে আনা হয়েছে এবং তিনি বিমানবন্দরে হাজার হাজার যাত্রীর সঙ্গে অবস্থান করছেন। তিনি দোয়া চেয়েছেন যাতে নিরাপদে ঢাকায় পৌঁছাতে পারেন।
রোববার মুশফিকের বাবা মাহবুব হামিদ জানান, বিমানবন্দরে দীর্ঘ সময় অপেক্ষার পর এয়ারলাইন্স কর্তৃপক্ষ তাদের হোটেলে নিয়ে যায়। পরে সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মুশফিকের সঙ্গে যোগাযোগ করেন এবং বাংলাদেশ বিমানের একটি টিকিট ম্যানেজ করে দেন।
মাহবুব হামিদের বরাতে জানা যায়, সব ঠিক থাকলে মুশফিক আজ রাত ১০টা ৩৫ মিনিটে বাংলাদেশ বিমানের ফ্লাইটে আরোহণ করবেন এবং আগামীকাল সোমবার সকাল সাড়ে ৮টার মধ্যে ঢাকায় পৌঁছাবেন।
ছেলের নিরাপদ প্রত্যাবর্তনের জন্য বাংলাদেশ সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন মাহবুব হামিদ। তিনি একই সঙ্গে সকল আটকে পড়া প্রবাসীর দ্রুত ও নিরাপদ ফেরা কামনা করেছেন।