
নিহত সালেখ উদ্দিন ওরফে আহমদ আলী। ছবি: সংগৃহীত
মধ্যপ্রাচ্যে চলমান ভয়াবহ সংঘাতের বলি হয়েছেন সংযুক্ত আরব আমিরাতে কর্মরত এক বাংলাদেশি প্রবাসী। ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্রের আঘাতে নিহত ওই ব্যক্তির পরিচয় শনাক্ত করা হয়েছে। তার নাম সালেখ উদ্দিন ওরফে আহমদ আলী (৪৮)।
রোববার (১ মার্চ) রাত ৯টায় মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় অবস্থানরত তার পরিবারের সদস্যরা এই মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।
নিহত সালেখ উদ্দিন মৌলভীবাজার জেলার বড়লেখা পৌরসভার গাজিটেকা (বাঁশতলা) গ্রামের মৃত সবর আলীর ছেলে। পরিবারে তার স্ত্রী, তিন ছেলে ও এক মেয়ে রয়েছে। দীর্ঘদিন ধরে তিনি সংযুক্ত আরব আমিরাতের আজমান শহরে বসবাস করছিলেন এবং সেখানে জীবিকার তাগিদে পানির গাড়ি চালাতেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, গত শনিবার (২৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় সালেখ উদ্দিন আজমান শহরে নিয়মিত কাজের অংশ হিসেবে পানির গাড়ি চালাচ্ছিলেন। ঠিক সেই সময় ইরান থেকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র আজমান শহরের ওপর আঘাত হানে। এতে সালেখ উদ্দিনসহ আরও বেশ কয়েকজন গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক সালেখকে মৃত ঘোষণা করেন।
বর্তমানে সালেখ উদ্দিনের মরদেহ স্থানীয় একটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে। তবে মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধাবস্থার কারণে আকাশপথ ও যোগাযোগ ব্যবস্থা বিঘ্নিত হওয়ায় মরদেহ দেশে ফিরিয়ে আনা নিয়ে চরম অনিশ্চয়তা তৈরি হয়েছে।
রেমিট্যান্স যোদ্ধা সালেখের এমন আকস্মিক মৃত্যুতে তার গ্রামের বাড়িতে এখন শোকের মাতম চলছে। দ্রুততম সময়ে তার মরদেহ দেশে ফিরিয়ে আনতে সরকারের সহযোগিতা কামনা করেছেন শোকসন্তপ্ত পরিবারের সদস্যরা।