
ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ
ইরানজুড়ে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক ভয়াবহ বিমান হামলার পর সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ নিহত হওয়ার গুঞ্জন ছড়িয়ে পড়েছিল। তবে সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে তার এক ঘনিষ্ঠ উপদেষ্টা জানিয়েছেন, আহমাদিনেজাদ সম্পূর্ণ সুস্থ ও নিরাপদ আছেন।
রোববার (১ মার্চ) তুরস্কের বার্তা সংস্থা আনাদোলুকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই তথ্য নিশ্চিত করেন।
পরিচয় গোপন রাখার শর্তে ওই উপদেষ্টা জানান, তিনি ব্যক্তিগতভাবে সাবেক প্রেসিডেন্টের সঙ্গে যোগাযোগ করেছেন। তিনি বলেন, “আমি আহমাদিনেজাদের সঙ্গে কথা বলেছি, তিনি একদম সুস্থ আছেন।” এর আগে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমে দাবি করা হয়েছিল যে, তেহরানে মিত্র বাহিনীর হামলায় তিনি প্রাণ হারিয়েছেন। উপদেষ্টার এই বক্তব্যের পর সেই ধোঁয়াশা কাটল।
তবে আহমাদিনেজাদ অক্ষত থাকলেও তার নিরাপত্তা বলয়ে বড় ধরনের আঘাত এসেছে। গত শনিবার (২৮ ফেব্রুয়ারি) সাবেক এই প্রেসিডেন্টের নিরাপত্তা কাজে ব্যবহৃত একটি বিশেষ ভবনে হামলা চালানো হয়। এতে ইরানের বিশেষ বাহিনী ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর্পসের (আইআরজিসি) তিন সদস্য নিহত হয়েছেন, যারা তার দেহরক্ষী হিসেবে নিয়োজিত ছিলেন।
জানা গেছে, আক্রান্ত ভবনটি আহমাদিনেজাদের নিজস্ব বাসভবন থেকে মাত্র ১০০ মিটার দূরে অবস্থিত ছিল। তবে তার বাসভবনটি সরাসরি হামলার লক্ষ্যবস্তু ছিল না এবং সেটি পুরোপুরি অক্ষত রয়েছে।
উল্লেখ্য, মাহমুদ আহমাদিনেজাদ ইরানের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছিলেন ২০০৫ থেকে ২০১৩ সাল পর্যন্ত।