
হাল ফ্যাশন ঈদ ফিয়েস্তা ২০২৬
ঈদকে সামনে রেখে দেশীয় ফ্যাশন ও লাইফস্টাইলকে মূলধারায় তুলে ধরতে ধানমন্ডির মাইডাস সেন্টারে শুরু হয়েছে তিন দিনব্যাপী ‘হাল ফ্যাশন ঈদ ফিয়েস্তা ২০২৬’। বাংলাদেশের একমাত্র ফ্যাশন ও লাইফস্টাইল পোর্টাল ‘হাল ফ্যাশন’-এর আয়োজনে দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত এই মেলায় অংশ নিচ্ছেন দেশের ৫৮ জন অনলাইনভিত্তিক ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা।
১ মার্চ জমকালো অনুষ্ঠানের মাধ্যমে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন দেশের বিশিষ্ট ব্যক্তিবর্গ। আজ মেলার ২য় দিন, দ্বিতীয় দিনটি ‘ডিজাইনারস ডে’ হিসেবে পালিত হচ্ছে, যেখানে শীর্ষ ডিজাইনাররা উদ্যোক্তাদের সঙ্গে মতবিনিময় করবেন। তৃতীয় দিনে অংশ নেবেন ফ্যাশন ডিজাইন সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা।

প্রথম দিন থেকেই মেলা জমে উঠেছে
মেলার বিশেষ আকর্ষণ হিসেবে রয়েছে ফটোবুথ এবং র্যাফেল ড্র। সামাজিক মাধ্যমে নির্দিষ্ট হ্যাশট্যাগ ব্যবহার করে ছবি পোস্ট করলে থাকছে আকর্ষণীয় উপহার এবং হাল ফ্যাশনের পরবর্তী শুটে মডেল হওয়ার সুযোগ।
পোশাকের পাশাপাশি গয়না, লাইফস্টাইল পণ্য, বিষমুক্ত খাবার ও অ্যাকসেসরিজ নিয়ে হাজির হয়েছেন উদ্যোক্তারা। নবাবী বাই এপেক্স কনভিনিয়েন্স ফুডস এবং ইউসিবি-র পৃষ্ঠপোষকতায় আয়োজিত এই ফিয়েস্তা দেশি পণ্যের কেনাকাটার মাধ্যমে এবারের ঈদ প্রস্তুতিকে আরও রাঙিয়ে তুলবে বলে আশা করছেন আয়োজকরা। বিদেশি পণ্যের ভিড়ে দেশীয় পণ্যের স্বকীয়তা বজায় রাখাই এই উৎসবের মূল লক্ষ্য।
ঈদ ফিয়েস্তা চলবে আগামী ৩ মার্চ রাত ১০টা পর্যন্ত, যা সকলের জন্য উম্মুক্ত।
বাংলা টেলিগ্রাফ ভিজুয়াল