
ফাইল ছবি
মধ্যপ্রাচ্যে সৃষ্ট নিরাপত্তা সংকটের প্রভাব পড়েছে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলার জেরে আকাশসীমা বন্ধ হয়ে যাওয়ায় টানা তিন দিনে ঢাকা থেকে মধ্যপ্রাচ্যগামী মোট ১০২টি ফ্লাইট বাতিল করা হয়েছে।
ইরান, ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার ও জর্ডান তাদের আকাশসীমা সাময়িকভাবে বন্ধ ঘোষণা করায় শনিবার (২৮ ফেব্রুয়ারি), রোববার (১ মার্চ) ও সোমবার (২ মার্চ) মধ্যপ্রাচ্যের বিভিন্ন গন্তব্যে নির্ধারিত এসব ফ্লাইট বাতিল করা হয়।
বিমানবন্দর সূত্র জানায়, শনিবার ২৩টি ফ্লাইট বাতিল করা হয়। এর মধ্যে ছিল এমিরেটসের ১টি, গালফ এয়ারের ১টি, ফ্লাইদুবাইয়ের ১টি, এয়ার অ্যারাবিয়ার ৩টি, ইউএস-বাংলা এয়ারলাইন্সের ৬টি এবং বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ১১টি ফ্লাইট।
রোববার বাতিল ফ্লাইটের সংখ্যা বেড়ে দাঁড়ায় ৪০টিতে। এদিন বাতিল হওয়া ফ্লাইটগুলোর মধ্যে ছিল জাজিরা এয়ারওয়েজের ২টি, এমিরেটসের ৫টি, গালফ এয়ারের ২টি, ফ্লাইদুবাইয়ের ৪টি, কাতার এয়ারওয়েজের ২টি, সালাম এয়ারের ২টি, এয়ার অ্যারাবিয়ার ৮টি, কুয়েত এয়ারওয়েজের ২টি, ইউএস-বাংলা এয়ারলাইন্সের ৪টি এবং বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ৯টি ফ্লাইট।
সোমবার এ প্রতিবেদন লেখা পর্যন্ত আরও ৩৯টি ফ্লাইট বাতিল হয়েছে। এর মধ্যে রয়েছে কাতার এয়ারওয়েজের ৪টি, এমিরেটসের ৫টি, গালফ এয়ারের ২টি, ফ্লাইদুবাইয়ের ৪টি, কুয়েত এয়ারওয়েজের ২টি, এয়ার অ্যারাবিয়ার ৮টি, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ৪টি এবং ইউএস-বাংলা এয়ারলাইন্সের ১০টি ফ্লাইট।
হঠাৎ এ ফ্লাইট বিপর্যয়ে চরম ভোগান্তিতে পড়েছেন হাজার হাজার প্রবাসী ও ব্যবসায়ী যাত্রী। মধ্যপ্রাচ্যের আকাশপথ সাময়িকভাবে বন্ধ থাকায় কবে নাগাদ পরিস্থিতি স্বাভাবিক হবে, তা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। বিমানবন্দরের টার্মিনালে শত শত যাত্রীকে গন্তব্যে পৌঁছানোর অপেক্ষায় থাকতে দেখা গেছে।