
চীন ও ইরানের পতাকা।
মধ্যপ্রাচ্যজুড়ে যুদ্ধ ছড়িয়ে পড়ার প্রেক্ষাপটে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই সোমবার ফোনালাপে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচিকে জানিয়েছেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার বিরুদ্ধে আত্মরক্ষার ক্ষেত্রে তেহরানকে সমর্থন করে বেইজিং।
চীনের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম চায়না সেন্ট্রাল টেলিভিশন (সিসিটিভি) জানায়, ওয়াং ই বলেন—চীন ও ইরানের ঐতিহ্যগত বন্ধুত্বকে গুরুত্ব দেয় বেইজিং এবং ইরানের সার্বভৌমত্ব, নিরাপত্তা, ভৌগোলিক অখণ্ডতা ও জাতীয় মর্যাদা রক্ষায় সমর্থন জানায়।
সিসিটিভির খবরে আরও বলা হয়, ওয়াং ই যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে অবিলম্বে সামরিক অভিযান বন্ধ করা, উত্তেজনা আরও বৃদ্ধি এড়ানো এবং সংঘাত যেন সমগ্র মধ্যপ্রাচ্যে ছড়িয়ে না পড়ে—সে আহ্বান জানান।
খবরে বলা হয়, শনিবার থেকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের বিভিন্ন স্থাপনায় ডজনখানেক লক্ষ্যবস্তুতে হামলা শুরু করার পর দেশটিতে শত শত মানুষ নিহত হয়েছে।
এর জবাবে ইরান ইসরায়েল, উপসাগরীয় কয়েকটি দেশ এবং সাইপ্রাসে অবস্থিত একটি ব্রিটিশ সামরিক ঘাঁটির দিকে দফায় দফায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে বলেও জানানো হয়।
সিসিটিভির প্রতিবেদনে বলা হয়, সোমবারই পৃথক আরেক ফোনালাপে ওমানের পররাষ্ট্রমন্ত্রী বদর আলবুসাইদির সঙ্গে কথা বলেন ওয়াং ই। এ সময় তিনি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে ‘ইচ্ছাকৃতভাবে ইরানের বিরুদ্ধে যুদ্ধ উসকে দিয়ে জাতিসংঘ সনদের উদ্দেশ্য ও নীতিমালা লঙ্ঘনের’ অভিযোগ তোলেন।
ওই ফোনালাপে ওয়াং ই বলেন, চীন ন্যায়বিচার সমুন্নত রাখা, শান্তির জন্য প্রচেষ্টা চালানো এবং জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্ল্যাটফর্মের মাধ্যমে যুদ্ধ বন্ধে গঠনমূলক ভূমিকা রাখতে আগ্রহী।
এ ছাড়া ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জ্যাঁ-নোয়েল বারোর সঙ্গে আরেক ফোনালাপে ওয়াং ই সতর্ক করে বলেন, বিশ্ব ‘জঙ্গলের আইনে প্রত্যাবর্তনের’ ঝুঁকিতে রয়েছে।
সিসিটিভির উদ্ধৃতি অনুযায়ী তিনি বলেন, প্রধান শক্তিগুলো তাদের সামরিক শ্রেষ্ঠত্বের ভিত্তিতে অন্য দেশগুলোর ওপর ইচ্ছামতো হামলা চালাতে পারে না। একই সঙ্গে তিনি বলেন, ইরানের পারমাণবিক ইস্যুর চূড়ান্ত সমাধান রাজনৈতিক ও কূটনৈতিক পথেই হতে হবে।
এদিকে চলমান সংঘাতে এ পর্যন্ত চারজন মার্কিন সামরিক সদস্য নিহত হয়েছেন বলে জানানো হয়েছে। পাশাপাশি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সতর্ক করে বলেছেন, ইরানের সঙ্গে যুদ্ধ কয়েক সপ্তাহ স্থায়ী হতে পারে।
সূত্র: এএফপি