
ছবি: সংগৃহীত
মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতময় পরিস্থিতির কারণে যেসব প্রবাসী বাংলাদেশিরা ভিসা জটিলতায় পড়েছেন, তাদের সহায়তায় বিশেষ সেল চালু করেছে সরকার।
সোমবার (২ মার্চ) পররাষ্ট্র মন্ত্রণালয়ে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নিয়ে আয়োজিত এক আন্তঃমন্ত্রণালয় বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী।
মন্ত্রী জানান, বর্তমান যুদ্ধাবস্থার কারণে অনেক প্রবাসী বাংলাদেশি ছুটিতে দেশে এসে আটকা পড়েছেন। এরই মধ্যে অনেকের ভিসার মেয়াদ শেষ হওয়ার পথে, যা তাদের কর্মস্থলে ফেরা নিয়ে অনিশ্চয়তা তৈরি করেছে। প্রবাসীদের এই সংকট সমাধানে সরকার একটি বিশেষ সেল গঠন করেছে। এই সেলের মাধ্যমে সংশ্লিষ্ট দেশগুলোর দূতাবাসগুলোর সঙ্গে নিয়মিত যোগাযোগ রক্ষা করা হবে এবং আটকে পড়া বাংলাদেশিদের ভিসা সমস্যা দ্রুত সমাধানের চেষ্টা করা হবে।
সংবাদ সম্মেলনে আরিফুল হক চৌধুরী আরও জানান, মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে চলমান হামলার ঘটনায় এখন পর্যন্ত দুই জন বাংলাদেশি নিহত এবং সাত জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। সরকার বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে পর্যবেক্ষণ করছে।
বৈঠকে উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান, প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী নূরুল হক এবং বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত। সভায় মধ্যপ্রাচ্যের সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করে প্রবাসীদের নিরাপত্তা ও বিমান চলাচল স্বাভাবিক করার বিষয়ে বিভিন্ন সিদ্ধান্ত নেওয়া হয়।