
ছবি: সংগৃহীত
ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক পদক্ষেপের প্রেক্ষিতে নিরাপত্তা পরিস্থিতি অবনতি হওয়ায় মধ্যপ্রাচ্যের ১৪টি দেশ থেকে নিজেদের নাগরিকদের দ্রুত সরে যাওয়ার আহ্বান জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। খবর আল জাজিরা।
তালিকাভুক্ত দেশগুলোর মধ্যে রয়েছে বাহরাইন, মিসর, ইরান, ইরাক, ইসরায়েল, জর্দান, কুয়েত, লেবানন, ওমান, কাতার, সৌদি আরব, সিরিয়া, সংযুক্ত আরব আমিরাত এবং ইয়েমেন।
মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এই অঞ্চলগুলোর নিরাপত্তা পরিস্থিতি বর্তমানে অত্যন্ত ঝুঁকিপূর্ণ। নাগরিকদের উদ্যেশে বলা হয়েছে, যে যেভাবে পারে, সেভাবেই যেন নিরাপদ গন্তব্যে যাওয়ার ব্যবস্থা করে নেয়।
কনস্যুলার বিষয়ক মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী মাউরা নামদার এক এক্স (টুইটার) বার্তায় জানিয়েছেন, ইরান, ইরাক, জর্দান, লেবানন এবং ইসরায়েলে অবস্থানকারী মার্কিন নাগরিকদের এখনই এসব দেশ ত্যাগ করা উচিত। একইসঙ্গে তিনি তালিকার অন্য দেশগুলোতে থাকা নাগরিকদেরও দ্রুত প্রস্থান নিশ্চিত করতে বলেছেন।
এমন এক সময়ে এই সতর্কবার্তা এলো যখন বৈশ্বিক বড় বড় একাধিক এয়ারলাইন্স নিরাপত্তা ঝুঁকির কারণে মধ্যপ্রাচ্যের বিভিন্ন রুটে তাদের ফ্লাইট চলাচল স্থগিত করেছে। ফলে ওই অঞ্চলে অবস্থানরত মার্কিন নাগরিকদের সরিয়ে নেওয়ার প্রক্রিয়াটি বেশ চ্যালেঞ্জিং হয়ে দাঁড়িয়েছে।