
ছবি: সংগৃহীত
দক্ষিণ সুদানের উত্তরাঞ্চলীয় রুয়েং প্রশাসনিক এলাকায় একদল সশস্ত্র যুবকের অতর্কিত হামলায় অন্তত ১৬৯ জন নিহত হয়েছেন। রোববার ভোররাতে চালানো এই ভয়াবহ হামলায় আরও অন্তত ৫০ জন গুরুতর আহত হয়েছেন। খবর বিবিসি।
রুয়েং প্রশাসনিক এলাকার তথ্যমন্ত্রী জেমস মনিলুয়াক মিজোক জানান, নিহতদের মধ্যে ৯০ জনই শিশু, নারী ও বৃদ্ধ। বাকি ৭৯ জন আঞ্চলিক পুলিশ বাহিনীর সদস্য। তথ্যমন্ত্রীর দাবি অনুযায়ী, হামলাকারীরা পার্শ্ববর্তী ইউনিটি স্টেট থেকে এসেছিল এবং তারা সশস্ত্র গোষ্ঠী ‘সুদান পিপলস লিবারেশন আর্মি ইন অপোজিশন’ (এসপিএলএ-আইও)-এর সঙ্গে যুক্ত।
ঘটনার বর্ণনা দিয়ে মিজোক বলেন, স্থানীয় সময় ভোর প্রায় ৪টা ৩০ মিনিটে যখন সাধারণ মানুষ গভীর ঘুমে আচ্ছন্ন ছিল, ঠিক তখনই হামলাকারীরা আবিয়েমনম কাউন্টিতে প্রবেশ করে। আকস্মিক এই আক্রমণে অপ্রস্তুত বাসিন্দারা প্রাণ বাঁচানোর সুযোগ পাননি।
তবে এসপিএলএ-আইও এই হত্যাকাণ্ডের দায় অস্বীকার করেছে। তাদের দাবি, ইউনিটি অঙ্গরাজ্যের কর্তৃপক্ষ রাজনৈতিক ফায়দা হাসিলের উদ্দেশ্যে এই সহিংসতাকে ব্যবহার করছে।
উল্লেখ্য, সম্প্রতি জাতিসংঘ সতর্ক করেছিল যে রাজনৈতিক উত্তেজনা ও সশস্ত্র সংঘাতের কারণে দক্ষিণ সুদান আবারও পূর্ণমাত্রার গৃহযুদ্ধের ঝুঁকিতে রয়েছে।