
ফাইল ছবি
মধ্যপ্রাচ্যের ক্রমবর্ধমান উত্তেজনা ও আকাশসীমার নিরাপত্তা ঝুঁকির কারণে বড় ধরনের শিডিউল বিপর্যয়ের মুখে পড়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। উদ্ভূত পরিস্থিতিতে আগামী বৃহস্পতিবার (৫ মার্চ) পর্যন্ত মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ ৬টি রুটে নিজেদের সব ফ্লাইট বাতিলের ঘোষণা দিয়েছে রাষ্ট্রীয় এই সংস্থাটি।
মঙ্গলবার (৩ মার্চ) দুপুরে বিমানের জনসংযোগ শাখা থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
বাতিল হওয়া রুটগুলোর মধ্যে রয়েছে দুবাই, আবুধাবি, শারজা, দাম্মাম, দোহা ও কুয়েত। পরিস্থিতির উন্নতি সাপেক্ষে যাত্রীদের পরবর্তী শিডিউল জানানো হবে।
এর আগে ২৮ ফেব্রুয়ারি থেকে মধ্যপ্রাচ্যের সাতটি দেশের আকাশসীমা সাময়িকভাবে বন্ধ ঘোষণা করায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আন্তর্জাতিক ফ্লাইটের সূচিতে বিভ্রাট দেখা দিয়েছে। সাম্প্রতিক কয়েক দিনে মোট ১৪৭টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল হয়েছে, যার একটি বড় অংশ ছিল মধ্যপ্রাচ্যগামী। এতে মধ্যপ্রাচ্যগামী যাত্রীদের ভিড় ও ভোগান্তি বেড়েছে।
বিমানের পক্ষ থেকে যাত্রীদের অনুরোধ করা হয়েছে, আকাশপথের পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত নিয়মিত কল সেন্টার বা সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে যোগাযোগ রাখার জন্য।
এদিকে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকেও মঙ্গলবার সকাল ৭টা পর্যন্তসহ মোট ৩৫টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করা হয়েছে।