
ফাইল ছবি
কক্সবাজারের উখিয়ায় এক প্রবাসীর স্ত্রীর রহস্যজনক মৃত্যু ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সোমবার (২ মার্চ) রাত থেকে ভোরের মধ্যে কোনো একসময় তার মৃত্যু হয়েছে বলে ধারণা করছেন স্বজনরা।
নিহত লালা বিবি (২৮) মালয়েশিয়া প্রবাসী আব্দুল শুক্কুরের স্ত্রী। ঘটনাটি ঘটেছে উপজেলার হলদিয়াপালং ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের পূর্ব মরিচ্যা মধুঘোনা কলার পাহাড় এলাকায়।
পারিবারিক সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো সোমবার রাতেও লালা বিবি রাতের খাবার শেষে ছেলে আবু বক্কর সিদ্দিক (৭) ও মেয়ে নূর ফাতেমা (৪)-কে নিয়ে ঘুমিয়ে পড়েন। মঙ্গলবার (৩ মার্চ) ভোর সাড়ে ৪টার দিকে ছেলে ঘুম থেকে উঠে দেখে তার মা বিছানায় নেই। খোঁজ করতে গিয়ে সে মাকে ঘরের মেঝেতে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে। শিশুটির ভাষ্য অনুযায়ী, তার মায়ের কপাল, নাক ও মুখ দিয়ে রক্ত বের হচ্ছিল।
শিশুর চিৎকারে পাশের বাড়ির বাসিন্দা মমতাজ বেগম ছুটে আসেন। পরে প্রতিবেশীরাও ঘটনাস্থলে জড়ো হন। স্থানীয় ইউপি সদস্যের মাধ্যমে পুলিশকে খবর দেওয়া হয়।
উখিয়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে এবং মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠায়।
উখিয়া থানার অফিসার ইনচার্জ নুর আহম্মদ বলেন, ঘটনাটি অত্যন্ত স্পর্শকাতর। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে মৃত্যুর সুনির্দিষ্ট কারণ জানা যায়নি। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে। ঘটনার সঙ্গে কেউ জড়িত থাকলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ঘটনার পর থেকে এলাকায় উদ্বেগ ও নানা প্রশ্ন দেখা দিয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন প্রকাশের পরই মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে স্পষ্ট ধারণা পাওয়া যাবে বলে জানিয়েছে পুলিশ।