
সংগৃহীত ছবি
কুয়েতে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনায় ইরানের চালানো ক্ষেপণাস্ত্র হামলায় নিহত মার্কিন সেনার সংখ্যা বেড়ে ছয়জনে দাঁড়িয়েছে। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তরের কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেছেন।
গত রোববার (১ মার্চ) হামলার ঘটনাটি ঘটে। প্রাথমিকভাবে মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) তিন সেনা নিহত হওয়ার কথা জানিয়েছিল। তবে মঙ্গলবার (৩ মার্চ) প্রতিরক্ষা দপ্তরের হালনাগাদ তথ্যে জানানো হয়, নিহতের সংখ্যা দ্বিগুণ হয়ে ছয়জন হয়েছে।
কর্মকর্তারা জানান, পরবর্তীতে আরও তিনজনের মৃত্যু নিশ্চিত করা হয়েছে। এদের মধ্যে একজন গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন থাকাকালে মারা যান। অপর দুইজনের মরদেহ ধ্বংসস্তূপের মধ্য থেকে উদ্ধার করা হয়েছে।
মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ এক বিবৃতিতে বলেন, ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্রগুলো কুয়েতের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ফাঁকি দিয়ে একটি মার্কিন বাঙ্কারে সরাসরি আঘাত হানে। ওই সময় মার্কিন বাহিনী পাল্টা অভিযানের প্রস্তুতি নিচ্ছিল বলে তিনি উল্লেখ করেন।
তিনি আরও জানান, হামলার ফলে কুয়েতের বায়ানে অবস্থিত মার্কিন দূতাবাস আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। বর্তমানে সংশ্লিষ্ট এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং নিহতদের পরিচয় শনাক্তের কাজ চলছে।
এই হামলার পর মধ্যপ্রাচ্যজুড়ে উত্তেজনা তীব্র আকার ধারণ করেছে। মার্কিন প্রশাসন এ ঘটনার ‘কঠোর জবাব’ দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে, যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে বলে ধারণা করা হচ্ছে।