
প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন আনসার ও ভিডিপি’র মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ
দেশের শান্তি, নিরাপত্তা ও সার্বভৌমত্ব অটুট রাখতে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীকে সর্বোচ্চ প্রস্তুত অবস্থায় থাকার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বুধবার (৪ মার্চ) সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ সৌজন্য সাক্ষাৎ করতে গেলে প্রধানমন্ত্রী এ নির্দেশনা প্রদান করেন।
সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী আনসার ও ভিডিপির সদস্যদের দেশপ্রেম, শৃঙ্খলা এবং পেশাদারিত্বের প্রশংসা করেন। তিনি বলেন, দেশের আইন-শৃঙ্খলা রক্ষা ও জননিরাপত্তা নিশ্চিতকরণে এ বাহিনীর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পাশাপাশি জনগণের কল্যাণে বিভিন্ন জনসেবামূলক কার্যক্রম আরও জোরদার করার আহ্বান জানান তিনি।
প্রধানমন্ত্রী বিশেষভাবে দেশের সার্বভৌমত্ব রক্ষায় বাহিনীকে সর্বদা সজাগ ও প্রস্তুত থাকার ওপর গুরুত্বারোপ করেন।
এ সময় মহাপরিচালক বাহিনীর চলমান উন্নয়নমূলক কার্যক্রম, সক্ষমতা বৃদ্ধি এবং বিভিন্ন প্রশিক্ষণ উদ্যোগ সম্পর্কে প্রধানমন্ত্রীকে অবহিত করেন। তিনি ভবিষ্যতেও সরকারের দিকনির্দেশনা অনুসরণ করে দেশের সেবা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।