
ফাইল ছবি
আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে পূর্বঘোষিত ছুটির সঙ্গে আরও এক দিন যুক্ত করে ১৮ মার্চ সাধারণ ছুটি ঘোষণার প্রস্তাব করা হয়েছে। প্রস্তাবটি আগামীকাল বৃহস্পতিবার অনুষ্ঠেয় মন্ত্রিসভার বৈঠকে উপস্থাপন করা হবে। অনুমোদন মিললে এবারের ঈদে কার্যত টানা সাত দিনের ছুটি পেতে যাচ্ছেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা।
চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২১ মার্চ পবিত্র ঈদুল ফিতর অনুষ্ঠিত হতে পারে। সম্ভাব্য এই তারিখ ধরে আগেই পাঁচ দিনের ছুটির সূচি নির্ধারণ করে রেখেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। সে অনুযায়ী ১৯ থেকে ২৩ মার্চ পর্যন্ত ছুটি নির্ধারিত রয়েছে।
এর মধ্যে ২১ মার্চ ঈদের দিন সাধারণ ছুটি। পাশাপাশি ঈদের আগে ১৯ ও ২০ মার্চ এবং ঈদের পরে ২২ ও ২৩ মার্চ নির্বাহী আদেশে ছুটি নির্ধারণ করা হয়েছে।
এখন যদি ঈদের আগে ১৮ মার্চ ছুটি ঘোষণা করা হয়, তাহলে ঈদের আগে টানা চার দিন ছুটি হবে। কারণ তার আগের দিন ১৭ মার্চ পবিত্র শবে কদরের ছুটি রয়েছে। ফলে ঈদের দিনসহ পরের দুই দিন মিলিয়ে এবার মোট ছুটি দাঁড়াবে সাত দিন।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের একটি সূত্র ১৮ মার্চ ছুটির প্রস্তাবের বিষয়টি নিশ্চিত করেছে। তবে সূত্রটি জানিয়েছে, এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে আগামীকাল বাংলাদেশের মন্ত্রিসভার বৈঠকে।
সূত্র জানায়, ঈদের পরে ছুটি বাড়ালে ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস এবং পরবর্তী শুক্র ও শনিবার মিলিয়ে ছুটি অনেক বেশি হয়ে যাবে—এই বিবেচনায় ঈদের আগেই অতিরিক্ত ছুটির প্রস্তাব করা হয়েছে। যদিও বিষয়টি এখনো চূড়ান্ত নয়। জনগণের সুবিধার কথা বিবেচনা করে ছুটির মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত আসতে পারে বলে জানানো হয়েছে।