
গাইবান্ধার সাঘাটা উপজেলায় একটি মাছের খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানে চাঁদাবাজি ও মারধরের অভিযোগে বোনারপাড়া ইউনিয়ন বিএনপির এক নেতাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (৪ মার্চ) বিকেলে আদালতের মাধ্যমে তাঁদের গাইবান্ধা জেলা কারাগারে পাঠানো হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন— বোনারপাড়া ইউনিয়ন শাখার বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সাংগঠনিক সম্পাদক সম্রাট মিয়া, একই ইউনিয়ন যুবদলের সদস্যসচিব হাসান কবির এবং বোনারপাড়া ডিগ্রি কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক সৃজন আহমেদ। ঘটনার পর অভিযুক্ত সম্রাট মিয়াকে দল থেকে বহিষ্কার করেছে উপজেলা বিএনপি।
থানা ও স্থানীয় সূত্র জানায়, উপজেলার তেলিয়ান গ্রামে অবস্থিত মোল্লা অ্যাগ্রো ফার্মে গত মঙ্গলবার হামলার ঘটনা ঘটে। প্রতিষ্ঠানটির মালিক শরিফুল ইসলাম মোল্লা অভিযোগ করেন, গ্রেপ্তার ব্যক্তিরা তাঁর ব্যবস্থাপকের কাছে দুই লাখ টাকা চাঁদা দাবি করেন। কাগজপত্র দেখার কথা বলে ভয়ভীতি দেখানো হয়। এ সময় মালিকের ভাই শাহিন সেখানে গেলে তাঁকে মারধর করা হয়।
আহত শাহিন বর্তমানে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
কারখানার মালিক জানান, ঘটনার সময় জাতীয় জরুরি সেবা ৯৯৯–এ ফোন করা হলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় চারজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও কয়েকজনকে আসামি করে মামলা করা হয়েছে। ওই মামলার ভিত্তিতে মঙ্গলবার গভীর রাতে অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করা হয়।
এ বিষয়ে সাঘাটা উপজেলা বিএনপির সদস্যসচিব সেলিম আহমেদ অভিযুক্তদের দলীয় পরিচয় নিশ্চিত করে বলেন, সম্রাট মিয়াকে ইতোমধ্যে দল থেকে বহিষ্কার করা হয়েছে এবং অন্যদের বিরুদ্ধেও সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।
সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুর রহমান জানান, মামলাটি বর্তমানে জেলা পুলিশের গোয়েন্দা বিভাগে তদন্তাধীন। ডিবির ওসি নজরুল ইসলাম বলেন, ঘটনার সঙ্গে আর কারা জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে।