
ঈদুল ফিতরে প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ‘বনলতা এক্সপ্রেস’। সিনেমাটি নির্মাণ করেছেন তানিম নূর। প্রয়াত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের জনপ্রিয় গল্প ‘কিছুক্ষণ’ অবলম্বনে তৈরি এ চলচ্চিত্রের ফার্স্টলুক প্রকাশের পর দর্শকদের কৌতূহল বেড়েছে।
বুধবার সন্ধ্যায় হইচই বাংলাদেশ ও বুড়িগঙ্গা টকিজের ইউটিউব চ্যানেলে ফার্স্টলুক উন্মুক্ত করা হয়। নস্টালজিক রেলস্টেশনের আবহে চরিত্রদের পরিচয় তুলে ধরা হয়েছে এতে। অভিনয়ে রয়েছেন মোশাররফ করিম, চঞ্চল চৌধুরী, জাকিয়া বারী মম, আজমেরী হক বাঁধন, সাবিলা নূর, শরীফুল রাজসহ একঝাঁক তারকা।

ফার্স্টলুকে চঞ্চল চৌধুরীকে মন্ত্রীর চরিত্রে, বাঁধনকে তাঁর স্ত্রীর ভূমিকায়, শরীফুল রাজকে চিকিৎসক এবং সাবিলা নূরকে সাধারণ বাঙালি নারীর চরিত্রে দেখা যাবে। বিশেষ চমক হিসেবে ব্যবহার করা হয়েছে মহানগর সিরিজের জনপ্রিয় সংলাপ। নির্মাতার ভাষ্য, এটি মানুষের অনুভূতি ও মানবিকতার এক ভিজ্যুয়াল যাত্রা। দেশের প্রেক্ষাগৃহের পাশাপাশি আগামী ৩ এপ্রিল থেকে আন্তর্জাতিকভাবেও সিনেমাটি প্রদর্শিত হবে।