
ফাইল ছবি
বাবা হারালেন আমজনতার দলের মহাসচিব তারেক রহমান। বুধবার (৪ মার্চ) সন্ধ্যায় তার বাবা আব্দুল লতিফ বগুড়ার শহীদ জিয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
তারেক রহমান নিজেই তাঁর ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন। পোস্টে তিনি লিখেছেন, ‘আমার বাবা জনাব আব্দুল লতিফ ইফতারের আগে শহীদ জিয়া মেডিক্যাল কলেজ বগুড়ায় চিকিৎসা চলাকালে মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।’
পারিবারিক সূত্র জানায়, বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন আব্দুল লতিফ। তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে সম্প্রতি তাঁকে বগুড়ার শহীদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সেখানে বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে চিকিৎসাধীন থাকা অবস্থায় বুধবার ইফতারের ঠিক আগমুহূর্তে তিনি মৃত্যুবরণ করেন।
মরহুমের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে তাঁর পরিবার ও রাজনৈতিক অঙ্গনে। তাঁর আত্মার মাগফিরাত কামনা করে শোক প্রকাশ করেছেন বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ। পারিবারিক সূত্রে জানানো হয়েছে, শীঘ্রই জানাজা ও দাফন প্রক্রিয়ার সময়সূচি জানানো হবে।