
ফাইল ছবি
ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলা ষষ্ঠ দিনে গড়িয়েছে। চলমান এই সংঘাতে দেশটিতে নিহতের সংখ্যা বেড়ে ১২৩০ জনে দাঁড়িয়েছে।
বৃহস্পতিবার (৫ মার্চ) ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থার বরাতে এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা।
খবরে বলা হয়েছে, গত শনিবার (২৮ ফেব্রুয়ারি) যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের বিভিন্ন স্থানে হামলা শুরু করে। ওই হামলায় দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিসহ শীর্ষ পর্যায়ের বেশ কয়েকজন নেতা নিহত হয়েছেন বলে দাবি করা হয়েছে। হামলার পর থেকে দেশটির বিভিন্ন এলাকায় হতাহতের সংখ্যা দ্রুত বাড়তে থাকে।
এর জবাবে ইরানও পাল্টা হামলা চালায়। দেশটি মধ্যপ্রাচ্যের বিভিন্ন অঞ্চলে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়ে ইসরায়েলসহ বাহরাইন, সৌদি আরব, কাতার, সংযুক্ত আরব আমিরাত ও ইরাকে থাকা মার্কিন সামরিক ঘাঁটি ও স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু করে। এতে অঞ্চলজুড়ে উত্তেজনা আরও তীব্র হয়ে ওঠে।
বৃহস্পতিবার ইরানের বিপ্লবী গার্ড বাহিনী দাবি করেছে, তারা কুয়েত, বাহরাইন ও সংযুক্ত আরব আমিরাতে অবস্থিত অন্তত ২০টি মার্কিন সামরিক ঘাঁটিতে উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি করেছে।
ইরান অভিযোগ করেছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইচ্ছাকৃতভাবে বেসামরিক এলাকা লক্ষ্য করে হামলা চালাচ্ছে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেন, আগ্রাসনকারীরা ইচ্ছাকৃতভাবে বেসামরিক এলাকাকে লক্ষ্যবস্তু করায় সাধারণ মানুষ নির্মমভাবে প্রাণ হারাচ্ছেন।