
ছবি: সংগৃহীত
ভালোবাসার কোনো সীমানা নেই— এ কথারই যেন বাস্তব প্রমাণ মিলল ফেনীতে। প্রেমের টানে সুদূর ফিলিপাইন থেকে বাংলাদেশে ছুটে এসে এক যুবকের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন জেনি নামের এক তরুণী। বুধবার (৪ মার্চ) রাতে ফেনী শহরের কেন্দ্রীয় কালী মন্দিরে সনাতন ধর্মীয় রীতি মেনে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।
নবদম্পতি ও পারিবারিক সূত্রে জানা গেছে, বর সুজন পাল (৩৪) নোয়াখালীর কবিরহাট উপজেলার দরাপনগর গ্রামের বাসিন্দা। তিনি হিরলাল পালের ছেলে এবং কাজের সূত্রে দীর্ঘদিন মধ্যপ্রাচ্যের দেশ কাতারে বসবাস করতেন। সেখানেই ২০১৮ সালে ফিলিপাইনের তরুণী জেনির (৩২) সঙ্গে তার পরিচয় হয়। প্রথমে বন্ধুত্ব, পরে সেই সম্পর্ক ধীরে ধীরে গভীর প্রেমে রূপ নেয়।
দীর্ঘ আট বছরের সেই সম্পর্কের পর তারা একসঙ্গে নতুন জীবন শুরু করার সিদ্ধান্ত নেন। সেই সিদ্ধান্ত বাস্তবায়ন করতেই জেনি বাংলাদেশে আসেন। পরে পরিবারের সম্মতিতে ফেনীর কালী মন্দিরে জাঁকজমক আয়োজনের মধ্য দিয়ে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।
বিয়ের পর নিজের অনুভূতি জানিয়ে জেনি বলেন, দীর্ঘদিনের সম্পর্কের পূর্ণতা পাওয়ায় তিনি খুবই আনন্দিত। বাংলাদেশে এসে তার খুব ভালো লেগেছে বলেও জানান তিনি। এখানকার মানুষ, পরিবেশ ও আতিথেয়তায় তিনি মুগ্ধ হয়েছেন বলেও উল্লেখ করেন।
অন্যদিকে সুজন পাল বলেন, দীর্ঘ আট বছরের সম্পর্কের পর অবশেষে তারা একসঙ্গে নতুন জীবন শুরু করতে পেরে তিনি অত্যন্ত খুশি। তাদের নতুন জীবনের জন্য সবার দোয়া ও আশীর্বাদ কামনা করেন তিনি।
বিয়ে পরিচালনাকারী পুরোহিত নিমাই চন্দ্র চক্রবর্তী জানান, উভয় পরিবারের সম্মতিতে সনাতন ধর্মীয় রীতি মেনে তাদের বিয়ে সম্পন্ন হয়েছে। অনুষ্ঠানে সুজনের পরিবারের সদস্যরা উপস্থিত থেকে নবদম্পতিকে আশীর্বাদ করেন।
হাজার মাইলের দূরত্ব ঘুচিয়ে এই ভিনদেশি বধূকে দেখতে এখন উৎসুক মানুষের ভিড় জমছে সুজনের বাড়িতে।