
ইরানের রাষ্ট্রদূতের সঙ্গে ভারতের পররাষ্ট্রসচিব। ছবি: সংগৃহীত
ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনির মৃত্যুর পাঁচ দিন পর শোক প্রকাশ করেছে ভারত। মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় নিহত এই নেতার প্রতি সম্মান জানাতে বৃহস্পতিবার (৫ মার্চ) দিল্লিতে ইরানের রাষ্ট্রদূতের সঙ্গে সাক্ষাৎ করেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি। এ সময় তিনি খামেনির স্মরণে খোলা শোকবইয়ে স্বাক্ষর করেন।
ভারতের সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়, একই দিনে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর টেলিকনফারেন্সের মাধ্যমে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির সঙ্গে কথা বলেন। মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতি নিয়ে উভয় দেশের মধ্যে আলোচনা হয়েছে বলে জানা গেছে।
এনডিটিভি বলছে, খামেনির মৃত্যুর ঘটনায় শুরুতে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া না জানালেও সাম্প্রতিক এই পদক্ষেপকে ভারতের অবস্থানে আংশিক পরিবর্তন হিসেবে দেখা হচ্ছে। এর আগে বিরোধী দলগুলো এ বিষয়ে সরকারের স্পষ্ট বক্তব্য দাবি করেছিল।
এদিকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি সব ধরনের সংঘাত নিরসনে সংলাপ ও কূটনৈতিক সমাধানের ওপর গুরুত্বারোপ করেছেন।
এর আগে গত রোববার (১ মার্চ) ইরানের বার্তাসংস্থা তাসনিম ও ফারস নিউজ জানায়, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হয়েছেন। তার মৃত্যুতে দেশজুড়ে ৪০ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়।
জানা গেছে, শনিবার সকালে তার প্রাসাদ লক্ষ্য করে হামলা চালানো হয়। পরে রাতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু প্রথম খামেনির মৃত্যুর খবর জানান। এরপর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও পৃথকভাবে এ তথ্য নিশ্চিত করেন।