
জয় সরকার। সংগৃহীত ছবি
নওগাঁর আত্রাই উপজেলায় স্ত্রী ও শিশু কন্যাকে ছুরিকাঘাতে হত্যার পর আত্মহত্যা করেছেন এক যুবক। শুক্রবার (৬ মার্চ) সকালে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালৈ চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
পুলিশ জানায়, বৃহস্পতিবার দিবাগত রাত প্রায় ১২টার দিকে উপজেলার বলরামচক চৌধুরীপাড়া গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন আত্রাই থানার উপ-পরিদর্শক (এসআই) শাহাজুল ইসলাম।
নিহতরা হলেন— বলরামচক চৌধুরীপাড়া গ্রামের গৌতম সরকারের ছেলে জয় সরকার (২৭), তার স্ত্রী বৃষ্টি সরকার (২২) এবং তাদের ২৭ মাস বয়সী কন্যা জিনি সরকার।
স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, জয় সরকার মাদকাসক্ত ছিলেন। স্বামীর মাদকাসক্তি ও বেপরোয়া আচরণের কারণে বৃষ্টি সরকার একাধিকবার সংসার ছেড়ে চলে গেলেও পরে আবার ফিরে আসেন। বৃহস্পতিবার রাতে খাবার শেষে পরিবারের সবাই ঘুমিয়ে পড়লে জয় সরকার তার স্ত্রী ও শিশুকন্যাকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করেন। পরে একই ছুরি দিয়ে নিজের শরীরেও আঘাত করে আত্মহত্যার চেষ্টা করেন। ঘটনাস্থলেই বৃষ্টি সরকারের মৃত্যু হয়।
পরে পরিবারের সদস্য ও স্থানীয়রা গুরুতর আহত জয় সরকার ও তার মেয়েকে উদ্ধার করে আত্রাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থার অবনতি হলে তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে শুক্রবার ভোরে চিকিৎসাধীন অবস্থায় বাবা ও মেয়ের মৃত্যু হয়।
আত্রাই থানার ওসি আব্দুল করিম জানান, খবর পেয়ে রাতেই বৃষ্টি সরকারের মরদেহ উদ্ধার করা হয়। আহত স্বামী ও শিশুকন্যাকে হাসপাতালে পাঠানো হলেও শেষ পর্যন্ত তাদের বাঁচানো যায়নি।
তিনি আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক কলহ ও মাদকাসক্তির কারণেই এ ঘটনা ঘটেছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে এবং এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।