
সংগৃহীত ছবি
রাজধানী ঢাকায় বিদায়ী অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান ও বর্তমান পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
শুক্রবার (৬ মার্চ) জুমার নামাজের পর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেট থেকে দলটির ঢাকা মহানগর শাখার উদ্যোগে এই বিক্ষোভ মিছিল বের করা হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
এর আগে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জামায়াতে ইসলামী জানায়, ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের’ মাধ্যমে জনগণের রায় পরিবর্তনের অভিযোগে সাবেক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান ও পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদের দাবিতে এই কর্মসূচি পালন করা হচ্ছে।
দলটির পক্ষ থেকে বলা হয়, এ দাবিতে শুক্রবার বাদ জুমা বায়তুল মোকাররমের উত্তর গেটে বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করা হয়।
উল্লেখ্য, বৃহস্পতিবার (৫ মার্চ) সৈয়দা রিজওয়ানা হাসানের একটি সাক্ষাৎকার সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পর তাকে জিজ্ঞাসাবাদের দাবি জানিয়ে সংবাদ সম্মেলন করে জামায়াতে ইসলামী। এর একদিন পরই দলটি এই বিক্ষোভ কর্মসূচি পালন করল।