
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। ফাইল ছবি
অন্তর্বর্তী সরকারের সময়ে বিদেশি রাষ্ট্রগুলোর সঙ্গে করা বিভিন্ন চুক্তির বিষয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সঙ্গে কোনো আলোচনা হয়নি বলে দাবি করেছেন দলটির আমির ডা. শফিকুর রহমান। সরকারের পক্ষ থেকে বড় রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে এসব চুক্তি করা হয়েছে—এমন দাবি প্রসঙ্গে তিনি এ মন্তব্য করেন।
শুক্রবার দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে ডা. শফিকুর রহমান বলেন, বিগত অন্তর্বর্তী সরকারের আমলে বিভিন্ন দেশের সঙ্গে সরকার কয়েকটি গুরুত্বপূর্ণ চুক্তি সম্পাদন করেছে। তবে দুঃখজনকভাবে এ ধরনের কোনো চুক্তি নিয়ে সরকারের পক্ষ থেকে তাদের দলের সঙ্গে কোনো আলোচনা করা হয়নি।
তিনি আরও বলেন, সংসদ না থাকার কারণে বিভিন্ন জাতীয় ইস্যুতে যেভাবে সরকার রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ করেছে, একইভাবে আন্তর্জাতিক চুক্তির মতো গুরুত্বপূর্ণ বিষয়েও রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া উচিত ছিল। এ বিষয়ে তারা একাধিকবার দাবি জানিয়েছিলেন বলেও উল্লেখ করেন তিনি।
জামায়াত আমিরের ভাষ্য, তৎকালীন সরকার তাদের সেই দাবিগুলো আমলে নেয়নি। ফলে এ বিষয়ে দলের অবস্থান স্পষ্ট এবং এখানে কোনো ধরনের বিভ্রান্তি তৈরির সুযোগ নেই।
এদিকে সম্প্রতি নতুন সরকারের পররাষ্ট্রমন্ত্রী এবং সাবেক সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান বলেছেন, যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি (ইউএস ট্রেড রিপ্রেজেন্টেটিভ) নির্বাচনের আগেই বাংলাদেশের প্রধান দুটি রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে এ বিষয়ে কথা বলেছেন এবং তারা এতে সম্মতি দিয়েছেন। তাই এসব চুক্তি গোপনে করা হয়নি বলেও দাবি করেন তিনি।