
ছবি: সংগৃহীত
ভালোবাসার টানে সুদূর শ্রীলঙ্কা থেকে বাংলাদেশে এসে ইসলাম ধর্ম গ্রহণ করে ঘর বাঁধলেন ইশারা মাধবী জয়শখারা নামের এক তরুণী। ভিন্ন সংস্কৃতি ও ভাষার সব বাধা তুচ্ছ করে তিনি এখন ফেনীর দাগনভূঞার যুবক এজাজ আহমেদ শিহাবের ঘরনি। তাদের এই সাহসী ও ব্যতিক্রমী মিলনে পুরো এলাকায় এখন উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।
পারিবারিক সূত্রে জানা যায়, মধ্যপ্রাচ্যের দেশ ওমানের একটি টেক্সটাইল কোম্পানিতে কাজ করার সময় শিহাবের সঙ্গে পরিচয় হয় ইশারার। দীর্ঘ তিন বছরের পরিচয় থেকে তাদের মধ্যে গভীর প্রেম গড়ে ওঠে। ওমানের আইনে বিয়ের প্রক্রিয়া অত্যন্ত জটিল হওয়ায় তারা দুজনেই বাংলাদেশে এসে স্থায়ীভাবে বসবাসের সিদ্ধান্ত নেন।
সেই পরিকল্পনা অনুযায়ী গত ২৩ ফেব্রুয়ারি বাংলাদেশে আসেন ইশারা। এদেশে আসার পর তিনি স্থানীয় একজন আলেমের কাছে স্বেচ্ছায় ইসলাম ধর্ম গ্রহণ করেন এবং নিজের নতুন নাম রাখেন ‘জান্নাতুল ফেরদৌস জান্নাত’। পরে ৫ লাখ টাকা দেনমোহরে পারিবারিকভাবে ও ধর্মীয় রীতি মেনে শিহাবের সঙ্গে তার বিবাহ সম্পন্ন হয়।
নতুন জীবনের অনুভূতি জানিয়ে শিহাব বলেন, পরিবারকে রাজি করাতে কিছুটা সময় লাগলেও এখন সবাই জান্নাতকে পেয়ে খুব খুশি। জান্নাতও এদেশের মানুষের আন্তরিকতায় মুগ্ধ। অন্যদিকে জান্নাত জানান, শিহাবের পরিবার তাকে নিজের মেয়ের মতোই আপন করে নিয়েছে। তিনি সুন্দর আগামীর জন্য সবার কাছে দোয়া চেয়েছেন।
দাগনভূঞার রামনগর ইউনিয়নের আজিজ ফাজিলপুর গ্রামে এই বিয়েকে কেন্দ্র করে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক কৌতুহল সৃষ্টি হয়েছে। ভিন্ন দেশ ও সংস্কৃতির এই মিলনকে স্থানীয়রা একটি ইতিবাচক ও সাহসী উদাহরণ হিসেবে দেখছেন। স্থানীয়দের মতে, শ্রদ্ধা ও খাঁটি ভালোবাসা থাকলে যেকোনো দূরত্বই ঘুচিয়ে দেওয়া সম্ভব।